তাগিদ দিয়ে এনবিআরকে চিঠি: ১০ জানুয়ারি ঘোষণা দেওয়ার কথা ছিল বলে দাবি
মূসক নিয়ে ঘোষণা চান ব্যবসায়ীরা
প্যাকেজ মূল্য সংযোজন কর (মূসক) কমানো এবং প্লাস্টিকের পাদুকা, রুটি-বিস্কুটের ওপর মূসক তুলে নেওয়াসহ ২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন দাবির বিষয়ে একটি ঘোষণা দেওয়ার কথা ছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। তবে প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও এনবিআর সে ঘোষণা দেয়নি।
ব্যবসায়ীরা বলেছেন, এনবিআরের ঘোষণাটি দেওয়ার কথা ছিল ২ জানুয়ারি। তবে এনবিআর থেকে ব্যবসায়ীদের জানানো হয়, ১০ জানুয়ারি অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হবে। কিন্তু এরপরে ১৬ দিন পেরিয়ে গেছে। কোনো ঘোষণা আসেনি। এদিকে দ্রুত ঘোষণাটি দেওয়া এবং মূসক ও সম্পূরক শুল্ক আইন নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়ে ১০ জানুয়ারি এফবিসিসিআই এনবিআর চেয়ারম্যানকে একটি চিঠি দিয়েছে। তবে এনবিআর বলছে, বিষয়টি স্থবির নয়।
জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। অর্থমন্ত্রীর নির্দেশনা নিয়ে শিগগিরই একটি সিদ্ধান্তের দিকে আসতে পারব। আমরাও ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে রাজস্ব আদায় করতে চাই।’
এদিকে গত মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, মূসক নিয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবেন।
চলতি অর্থবছরের বাজেট ঘোষণার আগে থেকেই প্যাকেজ মূসক নিয়ে আন্দোলন করছিলেন ব্যবসায়ীরা। তাঁদের দাবির মুখে সরকার প্যাকেজ মূসক বহাল রাখে। তবে ঢাকায় ন্যূনতম মূসকের পরিমাণ ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হয়। পাশাপাশি লেনদেন সীমা ৮০ লাখ টাকা নির্ধারণ করে দেন অর্থমন্ত্রী।
এ ছাড়া ১০০ টাকা মূল্যমান পর্যন্ত রুটি-বিস্কুট, ১২০ টাকা জোড়া পর্যন্ত মূল্যমানের প্লাস্টিকের পাদুকা ও হাওয়াই চপ্পলের ওপর থেকে মূসক অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হয়। এসব নিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আপত্তি করছেন। ব্যবসায়ী ঐক্য ফোরাম গত ২ নভেম্বর বিভিন্ন দাবিতে ঢাকায় সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালন করে সরকারকে ২০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়।
বাজেট নিয়ে এফবিসিসিআইয়ের প্রস্তাব পর্যালোচনার জন্য এনবিআরের সদস্য ফরিদ উদ্দিনকে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছিল। এফবিসিসিআইয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই কমিটি এ পর্যন্ত আটটি সভা করেছে। সর্বশেষ সভাটি হয় গত ২৮ ডিসেম্বর। চিঠিতে এনবিআর চেয়ারম্যানের উদ্দেশে বলা হয়, ‘আপনি সর্বশেষ সভায় এফবিসিসিআইকে আশ্বস্ত করেছিলেন যে ওয়ার্কিং কমিটির আলোচনার আলোকে মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে মূসক-সম্পর্কিত একটি ঘোষণা নতুন বছরের শুরুতে, অর্থাৎ চলতি জানুয়ারি মাসের ২ তারিখের মধ্যেই ব্যবসায়ীদের অবহিত করবেন। কিন্তু সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন হয়নি।’
জানা গেছে, আবদুল মাতলুব আহমাদ বিদেশে ছিলেন। এ সময় এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদের স্বাক্ষরে চিঠিটি মূলত দিয়েছেন সংগঠনটি প্রথম সহসভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন। যিনি আগামী বছর এফবিসিসিআইয়ের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, নতুন বাজেট চলে আসছে। ভ্যাট অনলাইন ব্যবস্থা চলে আসছে। কিন্তু কোনো ফলাফল আসছে না। এর আগেও মূসক আইনের সাতটি বিষয়ে একমত পোষণ করা হয়েছিল, কোনো ফলাফল পাওয়া যায়নি। এ জন্য এফবিসিসিআই কার্যালয় থেকে হয়তো চিঠিটি দেওয়া হয়েছে।
ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব প্রথম আলোকে বলেন, ‘এটা নিয়ে রীতিমতো গড়িমসি হচ্ছে। কেন জানানো হচ্ছে না, তা নিয়ে আমরা বিভ্রান্ত। এফবিসিসিআই যদি জোরালো দাবি জানায়, তাহলে এটা নিয়ে একটা ফল পাওয়া যাবে।’
আবু মোতালেব বলেন, তাঁরা গত ২০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এরপর তাঁদের সঙ্গে এনবিআরের কয়েক দফা বৈঠক হয়েছে। গত মাসেই ঘোষণাটি দিয়ে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কেন হচ্ছে না, আমার এ প্রশ্ন এনবিআরের কাছে, এফবিসিসিআইয়ের কাছে।’ তিনি খুব শিগগির এ বিষয়ে ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, নইলে ব্যবসায়ীরা ভিন্ন চিন্তা করতে বাধ্য হবেন।