মূসক নিয়ে প্রথম বিকল্প বিরোধ নিষ্পত্তি হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত প্রথম বিকল্প বিরোধ নিষ্পত্তি হলো। গতকাল মঙ্গলবার এই প্রক্রিয়ায় আবেদনকারী রূপগঞ্জের শবনম ভেজিটেবল অয়েল কর্তৃপক্ষের অনুকূলে রায় দিয়েছে বিকল্প বিরোধ নিষ্পত্তিকরণের সহায়তাকারী প্যানেল। এই রায়ের ফলে প্রতিষ্ঠানটি ৩৬ লাখ ২২ হাজার টাকার মূসক রেয়াত পেল। গত ২০ মার্চ বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি। আবেদনের মাত্র পাঁচ দিনের মধ্যেই নিষ্পত্তি হলো। নারকেল তেল উৎপাদন করতে কাঁচামাল হিসেবে গত অক্টোবর মাসে শ্রীলঙ্কা থেকে ৩০০ টন কোপরা আমদানি করে। এই আমদানির বিপরীতে মূসক রেয়াত চায় প্রতিষ্ঠানটি। কিন্তু গত ৩০ জানুয়ারি বিভাগীয় মূসক কর্মকর্তা তাদের আবেদন নাকচ করে ৩৬ লাখ ২২ হাজার টাকা আদায় করে।এ অবস্থায় প্রতিষ্ঠানটি বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) আবেদন করে। পরে এলটিইউয়ের কর্মকর্তাদের পরামর্শে বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থায় যায় প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির সহকারী হিসাব ব্যবস্থাপক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এত স্বল্প সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি হবে ভাবতে পারিনি। এখন সুরাহা হওয়ায় প্রতিষ্ঠানের হিসাবে রেয়াতের টাকা ফেরত দেবে মূসক বিভাগ।গত ১৪ মার্চ ঢাকা দক্ষিণ কমিশনারেটে মূসক ও কর অঞ্চল-১-এর আয়করসংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা চালু হয়। এই দুটি অঞ্চলের কর অঞ্চলের করদাতারা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যেতে পারবেন। আর চট্টগ্রাম কাস্টম হাউসে গত ১ মার্চ থেকে এই প্রথা চালু হয়েছে।কর নির্ধারণ বা কর পুনর্নির্ধারণের বিরুদ্ধে আপিল দায়ের হয়নি, এমন ক্ষেত্রে আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। আবার আপিলে বিচারা-ধীন বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বা বোর্ডের অনুমতি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আবেদন করা যাবে।এই আবেদন প্রাপ্তির পর বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গঠিত সহায়তাকারী প্যানেল এক থেকে দুই মাসের মধ্যে তা নিষ্পত্তি করবে। ইতিমধ্যে ১২ সদস্যবিশিষ্ট সহায়তাকারী প্যানেল গঠিত হয়েছে, যেখানে বিশিষ্ট ব্যবসায়ী, আইনজীবী, হিসাববিদ ও অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তারা রয়েছেন। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় এই বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি চালু করা হয়েছে।