মূসক পুরস্কার পেল ৯ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে জাতীয় ভ্যাট পুরস্কার নিচ্ছেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী l প্রথম আলো
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে জাতীয় ভ্যাট পুরস্কার নিচ্ছেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী l প্রথম আলো

এ বছর জাতীয় পর্যায়ে সেরা মূল্য সংযোজন কর (মূসক) পুরস্কার পেল নয়টি প্রতিষ্ঠান। ২০১৪-১৫ অর্থবছরের হিসাবের ভিত্তিতে এ নয়টি প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ মূসক দিয়েছে।
গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। উৎপাদন, ব্যবসায় ও সেবা—এ তিনটি ক্যাটাগরিতে তিনটি করে প্রতিষ্ঠান এ মূসক পুরস্কার পেয়েছে। আগারগাঁওয়ের নির্মাণাধীন এনবিআর ভবনে এ অনুষ্ঠান হয়। ১০ ডিসেম্বর মূসক দিবস উপলক্ষে এ মূসক পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কার পাওয়া উৎপাদন ক্যাটাগরিতে প্রতিষ্ঠানগুলো হলো হবিগঞ্জের স্টার সিরামিকস, সাভারের বার্জার পেইন্টস বাংলাদেশ ও চট্টগ্রামের সুপার পেট্রো কেমিক্যালস। ব্যবসায় পর্যায়ে গাজীপুরের গ্যালারি অ্যাপেক্স, চট্টগ্রামের এম এম ইস্পাহানি (বিক্রয় ও বিপণন বিভাগ) এবং গাজীপুরের টঙ্গীর ইন্টারন্যাশনাল বেভারেজ পুরস্কার পেয়েছে। আর সেবা পর্যায়ের প্রতিষ্ঠানগুলো হলো কারওয়ান বাজারের ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড, চট্টগ্রামের চৌধুরী টি ওয়্যারহাউস এবং ঢাকার ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুল।
এ ছাড়া অনুষ্ঠানে জেলায় সর্বোচ্চ মূসকদাতাদের মধ্য থেকে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ২১টি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দেশে ৮০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে মূসক দেয় এমন ৫০ হাজার প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রারে (ইসিআর) আবদ্ধ করতে চাচ্ছি। এটি বেশ লজ্জার বিষয়।’ তিনি ২০২১ সালের মধ্যে ৫ লাখ প্রতিষ্ঠানকে মূসকজালে আনার লক্ষ্য নির্ধারণ করেন। অর্থমন্ত্রী জানান, সরকার এখন ৫০ হাজার প্রতিষ্ঠানকে কেনা মূল্যে ইসিআর দেবে।
অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন করতে হলে সরকারের রাজস্ব প্রয়োজন। তাই সব সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাজস্ব দিতে হবে। ইদানীং মূসক সরকারের বড় রাজস্ব আদায়ের উৎস হয়েছে।
নতুন মূসক আইন সম্পর্কে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নতুন আইনটি এমনভাবে করতে হবে যেন ব্যবসায়ীরা খুশি হয়; আবার সরকারও রাজস্ব পায়। বর্তমানে ব্যক্তিশ্রেণির মধ্যে ২৫ লাখ কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) ছাড়িয়ে গেছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে তা এক কোটিতে উন্নীত করতে হবে।
বাণিজ্যমন্ত্রীর মতে, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী, একসময় কোনো শুল্কব্যবস্থা থাকবে না। তখন আয়কর ও মূসক থেকেই সব রাজস্ব আদায় করতে হবে।
অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ইসিআর নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে এনবিআরের ভুল–বোঝাবুঝি আছে। এ ভুল–বোঝাবুঝি দূর করতে হবে। তিনি মনে করেন, মূসক দেওয়া কোনো চাঁদা নয়; এটি আইনি বাধ্যবাধকতা। কারণ, এটি জাতীয় সংসদে পাস করা আইন।
একই অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, মূসক নিয়ে ব্যবসায়ী ও এনবিআরের মধ্যে যে ভুল–বোঝাবুঝি তৈরি হয়েছে; তা দূর করতে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে চাই না।’
অনুষ্ঠানের শুরুতে মূসক–সংক্রান্ত কল সেন্টারের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী। ‘১৬৫৫৫’ নম্বরে ডায়াল করে যে কেউ মূসক–সংক্রান্ত যেকোনো তথ্য জানতে পারবেন। কল সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে।
২০১১-১২ অর্থবছর থেকে মূসক পুরস্কার দেওয়া শুরু করেছে এনবিআর। এ ছাড়া ৯ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মূসক সপ্তাহ পালন করছে এনবিআর।