নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনকে ব্যবসায়ী সমাজ এখনো ঠিকমতো গ্রহণ করেননি বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, এ বছরের জুলাই থেকেই মূসক আইনের বাস্তবায়ন হবে, মূসক হার ১৫ শতাংশেরই পক্ষে তিনি। তাঁরা (ব্যবসায়ীরা) বিরোধিতা করলে খুব ভালো কাজ হবে না।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি প্রতিনিধিদল বৈঠক করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ঢাকা কার্যালয়ে নবনিযুক্ত কর্মকর্তা সুসান লরাইন লুটজের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘মূসক নিয়ে একটি অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। এ নিয়ে অভিযোগ আছে ব্যবসায়ীদের। মনে হয় আরও আলোচনা দরকার। জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বাণিজ্য ও শিল্প সমিতিগুলোর সঙ্গে এ ব্যাপারে আবারও বসতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে মূসক আইন কার্যকরের বিষয়টি ব্যবসায়ীরা কম-বেশি মেনে নিয়েছেন। আগে বিভিন্ন হারের দাবি করলেও সর্বশেষ তাঁরা ৭ শতাংশ চেয়েছেন।
মূসক হারে নিজের অবস্থান এখনো ১৫ শতাংশের পক্ষে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘অভ্যস্ততা এলে সব ঠিক হয়ে যাবে। আশা করছি ব্যবসায়ীরা তা মেনে নেবেন।’
রাজস্ব আদায় পরিস্থিতি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, খারাপ নয়। প্রাক্কলন থেকে সংগ্রহ তো সব সময়ই কম হয়। তবে এবার কিছু ভালো দিক আছে। করদাতার সংখ্যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হচ্ছে। তরুণ করদাতাও বাড়ছে।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এটা প্রমাণ করতে সক্ষম যে কর বিভাগের লোকেরা শুধু হয়রানি করে না, করদাতাদের সুবিধাও করে দেয়।’
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) চলতি অর্থবছরে রাজস্ব সংগ্রহ লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ হাজার কোটি টাকা কম হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আট বছরে কখনোই এমন হয়নি, এবারও হবে না। সিপিডি কোথা থেকে এমন তথ্য পায় কেন জানে। আমি জানি না।’
এফএওর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের কার্যক্রমের সঙ্গে তারা খাপ খাইয়ে চলে। আর একটা কাজ আমরা ইতিমধ্যে করে ফেলেছি যে দাতা যারাই হোন না কেন, আমাদের সঙ্গে সম্পর্কটা ভালো থাকে।’