মূসক হার নিয়ে ব্যবসায়ীদের দাবি নাকচ অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবক্ষেত্রে মূল্য সংযোজন করের (মূসক) হার ১৫ শতাংশ না রেখে ভিন্ন ভিন্ন হারে মূসক চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এ দাবি নাকচ করে অভিন্ন হারের মূসক চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘ভিন্ন ভিন্ন হারে ভ্যাটব্যবস্থা প্রচলনের দাবি থেকে আমরা সরে আসিনি। ব্যবসায়ী এবং সরকার—উভয়ের স্বার্থ রক্ষা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অর্থমন্ত্রীর আশ্বাস অনুযায়ী, আগামী দুই বাজেটে যাতে ক্রমান্বয়ে এটি সমন্বয় করা হয়।’
তবে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, ‘মূসক অত্যন্ত ভালো করব্যবস্থা। বিশ্বব্যাপী প্রবণতা হচ্ছে অভিন্ন হারে মূসক নির্ধারণ। এতে অনেক সুবিধা আছে। এ জন্য আমরা ঠিক করেছি, অভিন্ন হারে মূসক নির্ধারণ করব। তবে ব্যবসায়ীরা কিছু রেয়াতি সুবিধাও পাবেন।’
নতুন মূসক আইন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল বুধবার দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে গত সোমবার অর্থমন্ত্রী অভিন্ন হার রেখেই মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দেন।
এই প্রসঙ্গ টেনে কাজী আকরাম বলেন, ‘আইএমএফ তো বলে এটা ছাড় করবে না, ওটা ছাড় করবে না। কিন্তু আমাদের সব কুল রক্ষা করে, দেশের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করতে হবে।’
অথর্মন্ত্রী বলেন, আগামী মাস থেকে পরবর্তী বাজেট আলোচনা শুরু হবে। সেখানে মূসক হার নির্ধারণ নিয়ে এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে। তিনি আরও বলেন, আগে রাজস্ব আয়ের বড় উৎস ছিল শুল্ক। এখন তা কমে এসেছে। বর্তমানে মূসক রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস। মোট রাজস্ব আয়ের ৩৮ শতাংশ আসছে মূসক থেকে। আয়কর থেকে আসে ৩৫ শতাংশ। তিনি বলেন, ভবিষ্যতে এই দুই করব্যবস্থা এবং বিভিন্ন ধরনের সেবা মাশুল (সার্ভিস চার্জ) হবে রাজস্ব আদায়ের মূল স্তম্ভ।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, মূসকমুক্ত বার্ষিক লেনদেনের (টার্নওভার) সীমা ৩০ লাখ টাকার ওপরে রাখা হবে। তবে ব্যবসায়ীরা ১৫ শতাংশ মূসককে অনেক বেশি আখ্যা দিয়ে তা কমানোর দাবি জানান।
ফরেন ইনভেস্টর চেম্বারের (ফিকি) সভাপতি রূপালী চৌধুরী বাংলাদেশকে ইউরোপের সঙ্গে তুলনা না করে প্রতিবেশী ও প্রতিযোগী দেশ ভারতের সঙ্গে তুলনা করার আহ্বান জানান। বলেন, ‘এত উচ্চহারে মূসক নিলে কীভাবে টিকে থাকব? বড় কোম্পানির পক্ষে মূসক বাস্তবায়ন সম্ভব হলেও ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানের জন্য তা সম্ভব কি না, ভেবে দেখা দরকার।’
ন্যাশনাল পলিমারের প্রতিনিধি ওমর ফারুক বলেন, মূল্য ঘোষণা প্রথা উঠে গেলে জটিলতা বাড়তে পারে।
এনবিআরের সদস্য (মূসক নীতি) জাহাঙ্গীর হোসেন নতুন আইনে ব্যবসায়ীদের হিসাব রাখা সহজ ও ঝামেলামুক্ত হবে বলে মন্তব্য করেন।