নতুন আইনের আওতায় পণ্য ও সেবার মূল্য সংযোজন কর বা মূসক হার ১৫ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ করার সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ এই চেম্বারটি চায়, ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হোক।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে গতকাল সোমবার অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় ডিসিসিআই আয়কর, শুল্ক ও মূসকসংক্রান্ত এ রকম ৪৯টি সুপারিশ করেছে। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলনকক্ষে চেম্বারের সভাপতি আবুল কাসেম খানের নেতৃত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আগামী ২০১৭-১৮ অর্থবছরে মূসকের হার ৭ শতাংশ করার যৌক্তিকতাও তুলে ধরেছে ডিসিসিআই। চেম্বারটি বলেছে, বড় ব্যবসায়ীদের মতো খুচরা ব্যবসায়ীদের জন্য ১৫ শতাংশ মূসক আরোপ অযৌক্তিক হবে। এতে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত। অথচ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩০ শতাংশেরও বেশি অবদান এ খাতের এবং কর্মসংস্থানের ৭৫ শতাংশ এ খাত থেকে আসে। এ সময় বলা হয়, মালয়েশিয়ায় ৬, সিঙ্গাপুরে ৭, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় ১০, নাইজেরিয়ায় ৫ এবং ফিলিপাইনে ১২ শতাংশ করে মূসক নেওয়া হয়।
ব্যবসার টার্নওভার করসীমা ৮০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি ২০ লাখ টাকা করারও প্রস্তাব করেছে ঢাকা চেম্বার।
ব্যক্তিশ্রেণির আয়করের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকার পরের ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ১০ শতাংশ, তার পরের ৭ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, তারপরের ১০ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ এবং বাকি মোট আয়ের ওপর ২৫ শতাংশ আয়করের সুপারিশ করেছেন চেম্বার নেতারা।
বর্তমানে কোনো করদাতার নিট সম্পদ ২ কোটি ২৫ লাখ টাকার বেশি হলে তার জন্য সারচার্জ দিতে হয়। ঢাকা চেম্বার সুপারিশ করেছে, পাঁচ কোটি টাকা পর্যন্ত সম্পদের বিপরীতে যেন কোনো সারচার্জ দিতে না হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫ এবং তালিকাবহির্ভূত কোম্পানির করপোরেট কর ৩৫ থেকে ৩০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেছে ডিসিসিআই। চেম্বারটি মার্চেন্ট ব্যাংকের করপোরেট করও ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার পক্ষে।
ডিসিসিআইয়ের সহসভাপতি কামরুল ইসলাম বলেন, ভিয়েতনামের কর আদায়ের অবস্থা একসময় বাংলাদেশের মতোই ছিল। একপর্যায়ে তৃতীয় পক্ষকে লাইসেন্স দিয়ে কর আদায়ের দায়িত্ব দেয় ভিয়েতনাম এবং ভালো ফল পায়। ১০ কোটি জনসংখ্যার দেশ ভিয়েতনামে এখন করদাতাই প্রায় পাঁচ কোটি। বাংলাদেশও এ পদ্ধতি অনুসরণ করে দেখতে পারে বলে মনে করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, বাজেটকে অধিকতর ব্যবসা এবং শিল্প ও বিনিয়োগবান্ধব করা হবে। তবে রাজস্ব সংগ্রহটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজস্ব সংগ্রহের নানা উদ্ভাবন প্রশংসিত হচ্ছে জানিয়ে নজিবুর রহমান বলেন, গত বছর আয়কর সপ্তাহ পালন করা হয়েছে। সবাই ভালো বলেছে। রাজস্ব সংগ্রহের স্বার্থে ভবিষ্যতে জেলা ও উপজেলা অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্প করা হবে।