দেশীয় কাঁচামাল থেকে তৈরি পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।একই সঙ্গে চালসহ নিত্যপণ্যের উৎপাদন ও বিপণন পর্যায়েও মূসক অব্যাহতির প্রস্তাব রয়েছে সংগঠনটির। সংগঠনটি মনে করে, দেশে বর্তমানে অপরিশোধিত ও পরিশোধিত ভোজ্যতেলের ওপর আরোপিত শুল্কহার প্রায় সমান। তাই দেশীয় খাতকে উৎসাহী করতে অপরিশোধিত ভোজ্যতেলের বিদ্যমান শুল্কহার প্রত্যাহারের দাবিও করেছে এফবিসিসিআই।আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে এমন সব প্রস্তাবই দিয়েছে এফবিসিসিআই। গত ১৭ মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামশর্ক কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে এসব প্রস্তাব দেওয়া হয়। মূসক-সংক্রান্ত এফবিসিসিআইয়ের দেওয়া প্রস্তাবে ১০৭টি সুপারিশ রয়েছে। প্রস্তাবে তরল দুধ থেকে উৎপাদিত গুঁড়ো দুধ, দেশীয় আম থেকে তৈরি পণ্যের ওপর মূসক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করে এফবিসিসিআই। যুক্তি হলো, ৮০ শতাংশের বেশি দেশীয় কাঁচামাল থেকে এসব পণ্য তৈরি হচ্ছে। অথচ মূসকের কারণে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে।বর্তমানে অপারিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর ১৫ শতাংশ এবং এক শতাংশ ল্যান্ডিং চার্জ আরোপ করা হয়। এতে ভোজ্যতেলের মূল্য বেড়ে যাচ্ছে। এফবিসিসিআই উভয় ক্ষেত্রেই মূসক ও ল্যান্ডিং চার্জ প্রত্যাহার করেছে।যেসব পণ্য আমদানিতে মূসক নেই, সেসব পণ্য স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রেও মূসক মওকুফের প্রস্তাব করেছে এফবিসিসিআই। সংগঠনটি বলেছে, যেসব ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন পর্যায়ে ব্যবহূত কাঁচামালের মূসক রেয়াত নিতে পারে না, কিন্তু তৈরি পণ্যের ওপর পুনরায় মূসক দিচ্ছে। ফলে উৎপাদনকারীকে দুবার মূসক দিতে হচ্ছে। এতে মূল্য প্রতিযোগিতায় দেশী পণ্য বিদেশি পণ্যের সঙ্গে মার খাচ্ছে। সে কারণে উৎপাদন পর্যায়ে যেসব শিল্প-কারখানা মূসক রেয়াত পায় না, সেসব প্রতিষ্ঠানের জন্য ২০ শতাংশ মূল্য ভিত্তি ধরে ১৫ শতাংশ মূসক অর্থাৎ তিন শতাংশ মূসক ধার্য করার প্রস্তাব করেছে সংগঠনটি।শিল্প-সংশ্লিষ্ট প্রস্তাব: ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর (দোকানদারসহ) বার্ষিক লেনদেন ৬০ লাখ টাকা পর্যন্ত হলে সেটা মূসকের আওতামুক্ত রাখার প্রস্তাব করেছে এফবিসিসিআই। পাশাপাশি লেনদেন ৬০ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত হলে দুই শতাংশ এবং দুই কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত হলে তিন শতাংশ হারে টার্নওভার ট্যাক্স ধার্য করা যেতে পারে বলে মনে করে সংগঠনটি।শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প-প্রতিষ্ঠানকে ভাড়া বাড়ি ও স্থাপনার ওপর মূসক সম্পূর্ণ প্রত্যাহার করা প্রয়োজন বলে মনে করে এফবিসিসিআই।বর্তমানে ইজারাদাররা আদায় করা ভাড়ার ওপর আয়কর ও পৌরকর দেন। ভাড়াটিয়ার দেওয়া ভাড়া বাবদ পরিশোধ করা অর্থ তার উৎপাদিত পণ্য বা সেবার মূল্যের সঙ্গে সমন্বয় করে মূসক এবং পরবর্তী সময়ে আয়কর দিচ্ছে। সে ক্ষেত্রে একই লেনদেনের ওপর পুনরায় মূসক আরোপের অবকাশ নেই। তাই এ কর সম্পূর্ণ প্রত্যাহার করা প্রয়োজন।ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় উৎপাদনকারীরা অতিরিক্ত জেনারেটর চালিয়ে উৎপাদনকাজ চালাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে এফবিসিসিআই মনে করে, জেনারেটর ও এ-সংক্রান্ত সব যন্ত্রাংশের ওপর আরোপিত মূসক প্রত্যাহার করা প্রয়োজন।বর্তমানে কুটির শিল্পে প্ল্যান্ট এবং সরঞ্জাম ও যন্ত্রপাতির ওপর বিনিয়োগ ২৫ লাখ টাকা পর্যন্ত হলে তার ওপর মূসক অব্যাহতি পান শিল্পোদ্যোক্তার। এ বিষয়ে ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মূসক অব্যাহতি চায় এফবিসিসিআই।আরও কিছু প্রস্তাব: ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী এবং ক্ষুদ্র দোকানদারদের নির্ধারিত ন্যূনতম মূল্য সংযোজনের ভিত্তিতে কর আদায় নিশ্চিত করতে গঠিত কেন্দ্রীয় কমিটি, মহানগর কমিটি, জেলা ও স্থানীয় কমিটিগুলোকে অবিলম্বে সচল করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই।মূসক আইনে বিদ্যমান মূল্য ঘোষণা এবং মূসক দপ্তরের অনুমোদনের বিধান প্রত্যাহার ও স্থগিত করার প্রস্তাব করে এফবিসিসিআই বলেছে, ‘যে মূল্যে পণ্য বিক্রি হবে তার ওপরই মূসক দিতে হবে’—এই বিধান প্রয়োগ করা প্রয়োজন।বর্তমানে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের পণ্য ও সেবাকে মূসকের আওতামুক্ত রাখা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ-গ্যাস-পানি, টেলিফোন-ফ্যাক্স-টেলিপ্রিন্টার-ইন্টারনেট, ল্যাবরেটরি টেস্ট চার্জ, পরামর্শক চার্জ, মূল্যায়ন অডিট ও কমপ্লায়েন্স চার্জ, কুরিয়ার সার্ভিস চার্জ, সিকিউরিটি সার্ভিস চার্জ, পরিবহন ঠিকাদার চার্জ, আইন পরামর্শক চার্জসহ কিছু সেবার ক্ষেত্রে ৮০ শতাংশ পর্যন্ত মূসকের আওতামুক্ত রাখার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই।কয়েকটি চিকিৎসা সরঞ্জামের ওপর মূসক না ধরা হলেও বেশির ভাগ সরঞ্জামের ওপরই মূসক বিদ্যমান রয়েছে। চিকিৎসাসেবা সহজলভ্য করতে সব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ মূসকের আওতামুক্ত রাখা উচিত বলে মনে করে এফবিসিসিআই। শুধু তা-ই নয়, দেশে উৎপাদিত হয় না অথচ জীবন রক্ষাকারী, অতি প্রয়োজনীয় ও উন্নত প্রযুক্তির ওষুধের ওপর মূসক প্রত্যাহারেরও প্রস্তাব করেছে সংগঠনটি।এ ছাড়া শিল্পখাতে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন ও পানির বিল থেকে মূসক সরাসরি প্রত্যাহারের প্রস্তাব করেছে সংগঠনটি।প্রতিবছরই মূসক কিংবা বন্ডের ফরম্যাট ও এ-সংক্রান্ত খাতাপত্র পরিবর্তন করা হয়। এতে উৎপাদনকারী, রপ্তানিকারক ও আমদানিকারকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। এফবিসিসিআই মনে করে, ঘন ঘন মূসক কিংবা বন্ডের ফরম্যাট পরিবর্তন করা উচিত নয়।