মূসকের পরিমাণ নয়, আওতা বাড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের ওপর প্রতিবছরই মূল্য সংযোজন করের (মূসক) বোঝা চাপানো হচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যবসায়ীকে একই পণ্যে দুবার মূসক দিতে হচ্ছে। সে কারণে আগামী বাজেটে মূসকের হার ও পরিমাণ না বাড়িয়ে এর আওতা বাড়ানোর দিকে সরকারকে মনোযোগ দিতে হবে।

রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৩৪তম সভায় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা এসব কথা বলেছেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং এনবিআর যৌথভাবে এই সভার আয়োজন করে।

এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান বলেন, বর্তমানে ১৪ লাখ লোক কর দেন। ট্রেড লাইসেন্সধারীদের করের আওতায় আনা গেলে করদাতার সংখ্যা দাঁড়াবে ৫০ লাখে। আর জাতীয় পরিচয়পত্রধারীদের এতে অন্তর্ভুক্ত করা গেলে তা ৮০ লাখে উন্নীত করা সম্ভব।

সিলেট চেম্বারের পরিচালক ফায়েজ উদ্দিন বলেন, এমন অনেক ক্ষেত্র আছে, যেখানে মূসক আরোপ করা যেতে পারে। নতুন করে মূসক বাড়ানোর প্রয়োজন নেই।

মূসকের হার কমানো যায় কি না, তা বিবেচনার প্রস্তাব করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, এ হার ১০ শতাংশ করে মূসক আদায়কে আরও গতিশীল করা সম্ভব।

শুল্ককাঠামো: শিল্পমন্ত্রী বলেন, কাঁচামাল আমদানি ও তৈরি পণ্যের শুল্ক হারের পার্থক্য কম হওয়া শিল্পায়নের ক্ষেত্রে বড় সমস্যা। এ কারণে অনেকেই পণ্য আমদানি করতেই বেশি উত্সাহী হন। এ জন্য দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ করে শুল্ক কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।

সিলেট চেম্বারের পরিচালক ফায়েজ উদ্দিন কৃষি যন্ত্রপাতি উত্পাদনের কাঁচামাল আমদানিতে এবং আমদানিবিকল্প পণ্য উত্পাদনের প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেন।

আয়কর: ঢাকা চেম্বার সভাপতি নতুন উদ্যোক্তাদের অন্তত প্রথম তিন বছর করমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব করেন।

বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আহসানুল ইসলাম বলেন, বিমা খাতে করের পরিমাণ ৪২ দশমিক ৫ শতাংশ। এটা কমানো প্রয়োজন।

পোশাক খাত: এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ভবিষ্যতে দুর্ঘটনাজনিত বিপর্যয় মোকাবিলায় ‘জাতীয় দুর্যোগ মোকাবিলা সেল’ গঠন এবং সব ধরনের কমপ্লায়েন্স তদারকির সক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এসব করা হলে বিদেশি ক্রেতাদের উত্কণ্ঠা কমে যাবে।

বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, একই ভবনে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক পোশাক কারখানাও আছে। এমন কারখানায় ২০ থেকে ২৫ লাখ শ্রমিক ঝুঁকি নিয়ে কাজ করছেন। এসব কারখানা সরিয়ে নিতে পাঁচ শতাংশ সুদে ঋণ দেওয়া প্রয়োজন। বাজেটে ৩০০ কোটি টাকার থোক বরাদ্দ দেওয়া প্রয়োজন।

বিজিএমইএর সভাপতি কাটিং ও মেকিংয়ের ওপর উেস কর অব্যাহত রেখে অন্য ক্ষেত্রে উেস কর বাতিল করার প্রস্তাব করেন।

বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন বলেন, তুলা আমদানির জন্য ঋণপত্র খুলতে গেলেই পাঁচ শতাংশ কর কেটে নেওয়া হয়। এটা বাতিল করা প্রয়োজন।

শিল্পের অবকাঠামো: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, গত বছর মূলধনী যন্ত্র আমদানিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। রাজনৈতিক অস্থিরতায় এ বছর তা ২৫ শতাংশ কমেছে। সাতটি অর্থনৈতিক অঞ্চল দ্রুতগতিতে করার জন্য বিশেষ বরাদ্দের প্রস্তাব করেন তিনি।

এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন বলেন, একটি প্লাস্টিক শিল্পনগর করার ঘোষণা দিলেও তা হয়নি। ভবিষ্যতেও হবে কি না জানি না। শিল্প অবকাঠামো করার জন্য বাজেটে বরাদ্দ দিতে হবে। অবকাঠামো করে দিলে শিল্প খাতের আরও ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।

কাজী আকরাম বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুত্ ও গ্যাস সরবরাহ না থাকায় নতুন শিল্পপ্রতিষ্ঠানগুলো উত্পাদনে যেতে পারছে না। সে কারণে এসব প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংকের অর্থায়ন ঝুঁকির মুখে পড়ছে। গ্যাস সংযোগ না দেওয়া পর্যন্ত ব্যাংক ঋণের সুদ মওকুফ করার অনুরোধ করেন তিনি।

কালোটাকা: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম হোসেন বলেন, দেশের অর্থনীতি কালোটাকার ওপর দাঁড়িয়ে আছে। বর্তমানে ৩৫ শতাংশ কর থাকায় এ অর্থ মূলধারার অর্থনীতিতে আসছে না। এ জন্য করের হার যৌক্তিক করতে হবে।