মূসকের হার কমানো উচিত: আকবর আলি খান
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মূল্য সংযোজন করের (মূসক) হার ১৫ শতাংশ অনেক উঁচু বলে উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খান তা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, এ হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে থাকা উচিত। আজ মঙ্গলবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীদের দাবির মুখে সরকার এক বছর পিছিয়ে আগামী অর্থবছর থেকে মূসক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। বর্তমানে অনেক খাতে কম হারে মূসক আদায় করা হয়। নতুন আইনে অভিন্ন ১৫ শতাংশ হারে মূসক আদায় করার কথা বলা হয়েছে।
আকবর আলি খান বলেন, প্রথম যখন মূসক এল, তখন ১৫ শতাংশ হার অনেক বেশি মনে করা হয়েছিল। সরকার সিদ্ধান্ত নিয়েছিল, যখন ব্যাপকভাবে মূসক আদায় করা হবে, তখন এ হার কমানো হবে।
অভিন্ন ১৫ শতাংশ হারে মূসক আদায় করা হলে মূল্যস্ফীতির হার বাড়বে উল্লেখ করে আকবর আলি খান বলেন, মূসক নিয়ে ব্যবসায়ীরা আন্দোলন করছেন। আসলে তাঁরা মূসক দেবেন না। মূসক দিতে হবে সাধারণ মানুষকে।
ব্র্যাক আয়োজিত অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। অনুষ্ঠানে বাজেট পর্যালোচনা তুলে ধরেন ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের প্রধান আবদুল বায়েস।