মে মাসে মূল্যস্ফীতি আরও কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত মে মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মাসওয়ারি ভিত্তিতে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশ। আগের মাস এপ্রিলে এই হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশ। এ নিয়ে গত চার মাসেই মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে রয়েছে।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির সর্বশেষ হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি জানান, বিগত ১০ বছরের মধ্যে মাসওয়ারি ভিত্তিতে মে মাসের সার্বিক মূল্যস্ফীতি সর্বনিম্ন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এবার বোরো ধানের উৎপাদন বেশি হয়েছে। ভালো হয়েছে সবজিসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদনও। ফলে বাজারে বিভিন্ন কৃষিপণ্যের দাম কম। এ ছাড়া আন্তর্জাতিক বাজারেও নিত্যপণ্যের দাম কম থাকার পাশাপাশি মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রয়েছে। এসব কারণে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা যদি না বাড়ত, তবে মূল্যস্ফীতি আরও কমত।
মুস্তফা কামাল আরও বলেন, রোজা ও ঈদের কারণে চলতি জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা বাড়বে। তবে তা উল্লেখযোগ্য হবে না। কারণ, এবারের রোজায় জিনিসপত্রের দাম তেমন বাড়েনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতি মাসে মূল্যস্ফীতির হিসাব ও বিশ্লেষণ করে থাকে। গত মে মাসের মূল্যস্ফীতির অবস্থা বিশ্লেষণ করে বিবিএস বলছে, চাল, শাকসবজি ও তেলজাতীয় পণ্যের দাম গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে কমেছে দশমিক ২৮ শতাংশ। একই সময়ে জ্বালানি, বিদ্যুৎ, পরিবহনসহ বিভিন্ন সেবার দাম বেড়েছে দশমিক শূন্য ৩ শতাংশ।
জাতীয় সংসদে আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেন। বর্তমান অর্থবছরে এ পর্যন্ত ১১ মাসে সার্বিক মূল্যস্ফীতির গড় ৫ দশমিক ৯৫-এ নেমে এসেছে। গত জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৬ শতাংশ। এরপর মূল্যস্ফীতি কমতে কমতে মে মাসে ৫ দশমিক ৪৫ শতাংশে নেমে আসে।
বিবিএসের হিসাবমতে, গত মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতে মূল্যস্ফীতি কমেছে। এই মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ। এপ্রিল মাসে এই হার ছিল ৩ দশমিক ৮৪ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মে মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৯২ শতাংশ। এপ্রিল মাসে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।
বিবিএসের প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, মে মাসে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। মে মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক শূন্য ৬ শতাংশ; গ্রামে এই হার ছিল ৪ দশমিক ৫৯ শতাংশ। তবে এ চাপ এপ্রিল মাসের চেয়ে কম।
মানুষের মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের জাতীয় মজুরি হার সূচকে দেখা গেছে, গত এপ্রিল মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ১৩ শতাংশ। মে মাসে এসে তা কিছুটা কমে দাঁড়ায় ৬ দশমিক শূন্য ৭ শতাংশ। তবে মজুরি বৃদ্ধির হার কমলেও তা মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলছে না। কারণ, সার্বিক মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার বেশি।