মেক্সিকো উপসাগরের দুর্ঘটনার পরেও বিপির ব্যবসায়িক প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়ার পরে বিশ্বের অন্যতম জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার পর তৃতীয় প্রান্তিকে লাভের মুখ দেখেছে।বিপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি জুলাই-সেপ্টেম্বর মাসে ১৮৫ কোটি ডলার লাভ করেছে। যেখানে গত এপ্রিল-জুন মাসে মেক্সিকো উপসাগরের একটি তেলক্ষেত্র থেকে জ্বালানি তেল ছড়িয়ে পাড়ায় প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ ছিল এক হাজার ৭০০ কোটি ডলার। গত বছর জুলাই-সেপ্টেম্বরে বিপি ৫০০ কোটি ডলার লাভ করেছিল।প্রসঙ্গত, এ বছরের ২০ এপ্রিল মেক্সিকো উপসাগরের তলদেশে বিপির একটি তেলক্ষেত্রে বিস্ফোরণে ১১ জন শ্রমিকের মৃত্যু হন এবং প্রায় ৪৯ লাখ ব্যারেল তেল উপসাগরে ছড়িয়ে পড়ে। এর ফলে ১৯ সেপ্টেম্বর থেকে স্থায়ীভাবে তেলক্ষেত্রটি বন্ধ করে দেওয়া হয়। এ দুর্ঘটনায় ক্ষতিপূরণ বাবদ বিপিকে খরচ করতে হয়েছে মোট এক হাজার ১২০ কোটি ডলার।