মেঘনা ও যমুনা এক কোটির বেশি শেয়ার ছাড়বে
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিডেট এক কোটি আট লাখ ৫২ হাজার ৮০০টি শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার দুই কোম্পানির করপোরেট পৃষ্ঠপোষক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এই ঘোষণা দেয়। আর এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অন্যতম করপোরেট পৃষ্ঠপোষক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ৫৪ লাখ ৯৭ হাজার ৮০০টি শেয়ার বিক্রির ঘোষণা করেছে। বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুলো আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বিক্রি করা হবে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে বর্তমানে মেঘনা পেট্রোলিয়ামের তিন কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৯৯৪টি শেয়ার রয়েছে।অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সরকারি আরেক কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৫৩ লাখ ৫৫ হাজার শেয়ার বর্তমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে বর্তমানে মেঘনা পেট্রোলিয়ামের তিন কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৯৯৪টি শেয়ার রয়েছে।এ দিকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ। ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, সরকারি শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত বাজারের জন্য খুবই ইতিবাচক। সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এতে বাজার লাভবান হবে, বিনিয়োগকারীরা লাভবান হবেন। আর এতে বাজারে শেয়ার সরবরাহের দিকটা কিছুটা হলেও বাড়ল।সরকারি মালিকানাধীন অন্য কোম্পানিগুলোর শেয়ারও দ্রুততম সময়ে বাজারে আসার ব্যাপারে আশাবাদী ডিএসইর এই নেতা।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রথম আলোকে বলেন, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার বিষয়টি বহুল প্রত্যাশিত। আর সঠিক সময়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন তিনি।ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, বর্তমানে বহু বিনিয়োগকারী রয়েছেন, যাঁরা ভালো কোম্পানি না পাওয়ায় খারাপ কোম্পানির দিকে ঝুঁকছেন। তাঁর মতে, সরকারি কোম্পানির ওপর বিনিয়োগকারীদের আস্থা অনেক বেশি। তাই বিনিয়োগকারীরা সরকারি শেয়ারের দিকেই ঝুঁকবেন। একই সঙ্গে সরকারঘোষিত ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার দ্রুত বাজারে ছাড়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এ ব্যাপারে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ-সংক্রান্ত নির্দেশনা এরই মধ্যে আমাদের কাছে পৌঁছেছে। কাল বুধবার থেকে শেয়ার বিক্রি শুরু হবে।’