মেঝে মোছা থেকে ১৯ বিলিয়ন ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সহপ্রতিষ্ঠাতা ব্রায়ান এক্টন ও জ্যান কৌম

ফেব্রুয়ারি ২০১৪। তিন লোককে দেখা গেল সিলিকন ভ্যালির মাউন্টেন ভিউ শহরের রেললাইনের পাশে একটি সাদা বিল্ডিংয়ের সামনে। দুই দশক আগে সেখানেই নর্থ কাউন্টির সোশ্যাল সার্ভিস অফিস ছিল। আর সেখানেই লাইনে দাঁড়িয়ে একসময় খাবার সংগ্রহ করতেন ইউক্রেন থেকে আসা এক কিশোর, সেই তিনজনের একজন।

সোশ্যাল সার্ভিস অফিসটি তাঁদের ৫৫ জনের অফিস থেকে সামান্য দূরে। কিছুক্ষণ পরই হাজির হলেন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিরা। কথাবার্তা আগেই ঠিক করা ছিল। ফেসবুকের প্রতিনিধিদের সই করা চুক্তিপত্রটি হাতে নিলেন ৩৮ বছর বয়সী ইউক্রেনীয়। এদিক-ওদিক তাকিয়ে একটি দরজার দিকে এগিয়ে গেলেন। তারপর দরজার ওপরে কাগজ রেখে সেখানে স্বাক্ষর করে ফেললেন। চুক্তিতে লেখা স্বাক্ষর—জ্যান কৌম। আর এভাবে মাত্র ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলারে ফেসবুকের অংশ হয়ে গেল সেই সময়কার উঠতি জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ।

১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার কত টাকা? সেদিনের হিসাবে বাংলাদেশি টাকায় মাত্র ১ লাখ ৬৬ হাজার ৬০০ কোটি টাকা। চলিত জাতীয় বাজেটের প্রায় তিন ভাগের এক ভাগ। যেদিন চুক্তি স্বাক্ষরিত হয়, সেদিন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলারের সামান্য বেশি।

জ্যান কৌমের জন্ম ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটা গ্রামে। ১৬ বছর বয়সে কৌম মা আর দাদির সঙ্গে চলে আসেন যুক্তরাষ্ট্রের মাউন্টেইন ভিউতে। তাঁর বাবা অবশ্য কখনো আর যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। মাউন্টেইন ভিউতে কৌমের মা বেবিসিটিংয়ের কাজ নিলেন আর কৌম নিলেন একটা গ্রোসারি স্টোরের সুইপারের কাজ। মূল কাজ মেঝে মোছা।

কৌমের ইংরেজিতে দখল ভালো ছিল, আর ছিল পড়ার আগ্রহ। স্কুলে খুব একটা সুবিধা করতে না পারলেও ১৮ বছরের মধ্যে কৌম কম্পিউটার নেটওয়ার্কিংয়ের বেশ কিছু বিষয় রপ্ত করে ফেলেন। এই কাজ তিনি করেছেন পুরোনো বই পড়ে, যেগুলো তিনি পুরোনো বইয়ের দোকান থেকে কিনতেন। পড়া শেষ হলে সেগুলো আবার ওই দোকানে বিক্রি করে দিতেন।

সেন্ট জোশে স্টেট ইউনিভার্সিটিতে পড়তে পড়তে কৌমের চাকরি হলো ইয়াহুতে। ইয়াহুতে ৯ বছর কাটিয়েছেন কৌম। কিন্তু সে অর্থে উপভোগ করেননি। ইয়াহুতে চাকরির সময়টাকে জ্যান কৌম মনে করেন জেলখানায় থাকার সমতুল্য। ২০০৭ সালের সেপ্টেম্বরে কৌম ও ব্রায়ান এক্টন—দুজনই ইয়াহুর চাকরি ছেড়ে দিয়ে বের হয়ে পড়েন লাতিন আমেরিকায় ঘুরে বেড়াতে। সেই সময়ই কৌম আবিষ্কার করলেন আন্তর্জাতিক টেলিফোনের খরচ অনেক বেশি। অনেক দেশ থেকে কল করলেই টাকা কাটা শুরু হয়। এ জন্য অনেকেই আগে খুদেবার্তা পাঠিয়ে দেখে নেয় ওপর পক্ষ ফোন ধরার জন্য প্রস্তুত কি না। সেই থেকে সমস্যাটা মাথায় নিয়ে ঘুরতে থাকলেন কৌম। ফিরে এসে দুজনই ফেসবুকে চাকরির জন্য চেষ্টা করে সাফল্যের সঙ্গে ব্যর্থ হলেন।

জানুয়ারি ২০০৯–এ কৌম একটা আইফোন কেনেন। সঙ্গে সঙ্গে বুঝতে পারেন আইফোনের অ্যাপ স্টোর নতুন এক জগতের সূচনা করবে। তখন অ্যাপ স্টোরের বয়স মাত্র সাত মাস। ভাবলেন একটা অ্যাপ বানাবেন, যেখানে সবাই নিজের স্ট্যাটাস দিতে পারবে, ‘ব্যস্ত’ থাকলে অন্যজন ফোন করবে না। একজন প্রোগ্রামারকে দিয়ে এর ফ্রন্টএন্ড বানিয়ে ছাড়লেন। তার আগে হোয়াটসঅ্যাপ নামে নিজের একটি প্রতিষ্ঠান নিবন্ধন করে নিলেন। এত কিছু করেও কোনো লাভ হলো না। হোয়াটসঅ্যাপ তেমন কেউ ব্যবহার করে না, কয়েকজন বন্ধুর বন্ধু ছাড়া। মনের দুঃখে কৌম ভাবলেন আবার চাকরিতে ফিরে যাবেন। কিন্তু বন্ধু এক্টন তাঁকে নিবৃত্ত করলেন।

২০০৯ সালের ১৭ জুন আইফোন ব্যবহারকারীদের জন্য পুশ নোটিফিকেশন চালু করে। এর মাধ্যমে অ্যাপ ডেভেলপাররা চাইলে কোনো অ্যাপের ব্যবহারকারীকে যেকোনো সময় ‘পিং’ করতে পারে। এমনকি যখন কেউ ওই অ্যাপ ব্যবহার করছে না তখনো। এর মানে হলো অ্যাপ ব্যবহারকারী যখনই ইন্টারনেটে যুক্ত হবে, তখনই ওই অ্যাপে কোনো কিছু পাঠানো সম্ভব। কৌম দেখলেন, তাঁর স্ট্যাটাস অ্যাপে এই সুযোগ কাজে লাগানো যায়। সামান্য এদিক-ওদিক করাতে এটি ‘পুশ’ এনাবল হয়ে গেল। এর মানে হলো যখনই কেউ তার ‘স্ট্যাটাস আপডেট’ করবে, তখনই তার অ্যাড্রেসবুকের বা নেটওয়ার্কের সবার ফোনে এটা আপডেট হয়ে যাবে। যে গুটিকয় লোকের কাছে হোয়াটসঅ্যাপ ছিল, তারা এটির ব্যবহার বাড়িয়ে দিল। আর কৌমও টের পেলেন, তিনি একটা ইনস্ট্যান্ট মেসেজিং সিস্টেম বানিয়ে ফেলেছেন। ফোন থেকে এই সময় এ রকম মেসেজ আদান–প্রদান করা যায় কেবল দামি ব্ল্যাকবেরিতে।

কৌম হোয়াটসঅ্যাপ ২.০ রিলিজ করলেন একটি মেসেজিং কম্পোনেন্ট যোগ করে। মানে স্ট্যাটাসে না লিখে এখন আপনি মেসেজ অপশনে লিখতে পারবেন। মেসেজিং অপশন যোগ করার সময় কৌম তাতে আরও একটা ফিচার যোগ করে দিলেন। এখন এটি বিখ্যাত সবুজ দুই দাগ। মেসেজ পাঠানোর পর সেটা উদ্দিষ্ট ব্যক্তির ফোনে পড়া হলো কি না, সেটা প্রেরকের ফোনে আপডেট হওয়া।

এক্টনের ৫ বন্ধু মিলে ২ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগে সম্মত হয়। এদিকে এক লাফে তাঁর ব্যবহারকারীর সংখ্যাও পৌঁছে গেল আড়াই লাখে। ডিসেম্বর ২০০৯ সালে তাঁরা আইফোনের জন্য হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর বন্দোবস্ত করে ফেললেন। কাজেই গ্রাহক খুঁজতে হলো অন্যত্র। আগস্ট ২০১০ সালে অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ রিলিজ করলেন তাঁরা। নকিয়া সাপোর্ট রিলিজ হলো ২০১১-এর আগস্টে। প্রতিদিন গড়ে ৩ লাখ ২৮ হাজার নতুন ব্যবহারকারী যুক্ত হতে শুরু করল হোয়াটসঅ্যাপে। এদের বেশির ভাগ থাকে ভারত, লাতিন আমেরিকা ও ইউরোপে। খরচ পোষানোর জন্য প্রতি ডাউনলোডে ১ ডলার চার্জ করাও শুরু হলো। কাজের জন্য অফিস হয়ে গেল ঠিকই, কিন্তু সাইনবোর্ড লাগানো হলো না।

২০১১ সালের শুরুতে আমেরিকার প্রথম ২০টি অ্যাপের মধ্যে ঢুকে গেল হোয়াটসঅ্যাপ। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা পৌঁছে গেল ২০ কোটিতে এবং কর্মীর সংখ্যা ৫০-এ। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপকে কেনার ঘোষণা দেয় ফেসবুক। বিক্রির ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলারের মধ্যে এক্টন ও কৌম নগদ পেলেন ৪ বিলিয়ন, ১২ বিলিয়ন ডলার পেলেন ফেসবুকের শেয়ার। বাকি তিন বিলিয়নও দেওয়া হলো তিন বছরের রেসট্রিকটেড শেয়ার হিসেবে। কৌম থেকে গেলেন সিইও হিসেবে। এর তিন দিন পরেই কৌম ঘোষণা করেন হোয়াটসঅ্যাপে কথাও বলা যাবে।