মেট্রো রেলের কাজ শেষ হবে ৪ বছরে
মেট্রো রেল প্রকল্পের কাজ ২০১৯ সালে শেষ হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চার বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে জানিয়ে তিনি বলেন, ‘যানজটমুক্ত ঢাকা শহর গড়ে তুলতে মেট্রো রেলের কাজ শুরু করেছি। আশা করছি, ২০১৯ সাল নাগাদ এর কাজ শেষ করতে পারব।’
মেট্রো রেল ছাড়া আরও কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘যানজট সমস্যা সমাধানে আমাদের চলমান অন্যান্য উদ্যোগের মধ্যে আছে ৩৮ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা শহরের জাহাঙ্গীর গেট এলাকায় ফ্লাইওভার ও আন্ডারপাস এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ। এ ছাড়া গাজীপুর হতে হজরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর হতে ঝিলমিল পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণের রুট সমীক্ষা এবং প্রাথমিক নকশা চূড়ান্ত করা হয়েছে।’
যানজট নিরসনে পৃথক সমন্বয়কারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয় উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দ্রুত গতিতে চলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজ। তবে আমার ব্যক্তিগত মত হলো যে, রাজধানীর যানবাহন ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র সমন্বয়কারী প্রতিষ্ঠানের প্রয়োজন আছে।’
চট্টগ্রামের যানজট নিরসনের বিষয় সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য চায়না কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। এটি নির্মিত হলে চট্টগ্রামের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সংযোগ বাড়ার পাশাপাশি যানজট হ্রাস পাবে।’