মেট্রো চেম্বার পরিবেশ বিষয়ক প্রতিবেদনের জন্য পুরস্কার দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) গণমাধ্যমে প্রকাশিত পরিবেশবিষয়ক প্রতিবেদনের জন্য পুরস্কার ঘোষণা করেছে। এ ক্ষেত্রে পরিবেশের ওপর শিল্পজাত দূষণের প্রভাব নিয়ে সংবাদপত্রে ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হবে।গতকাল মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য দেন এমসিসিআইর সভাপতি আমজাদ খান চৌধুরী, পুরস্কার কমিটির চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, ফিন্যানসিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালের ১ অক্টোবর থেকে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। প্রকাশিত প্রতিবেদনের অনুলিপি বা ভিডিও ক্লিপ ২৪ ফেব্রুয়ারির মধ্যে মেট্রো চেম্বারের কার্যালয়ে জমা দিতে হবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য একটি করে পুরস্কার দেওয়া হবে। প্রতিটি পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা। সঙ্গে থাকবে একটি স্মারক।পুরস্কার সম্পর্কে বিস্তারিত এমসিসিআইর ওয়েবসাইটে (www.mccibd.org) পাওয়া যাবে এবং [email protected] এই ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।