প্রাণ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকার নতুন প্রেসিডেন্ট বা সভাপতি নির্বাচিত হয়েছেন।এমসিসিআইয়ের নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার নিহাদ কবির।এমসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল অনুষ্ঠিত নবনির্বাচিত চেম্বার কমিটির প্রথম সভায় ২০১১ সালের জন্য তাঁদের নির্বাচন করা হয়।আমজাদ খান চৌধুরী দেশের একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা। তিনি হালকা প্রকৌশল, প্লাস্টিক পণ্য, পিভিসি পাইপ, দুগ্ধ ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য, কনফেকশনারি, জুস, কৃষি উপকরণ প্রভৃতি খাতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি দেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বিশেষ ভূমিকা পালন করছেন।এমসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন: কুষ্টিয়া কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ তারেক মো. আলী, ন্যুভিসটা ফার্মা লিমিটেডের চেয়ারম্যান ও এমডি আখতার মতিন চৌধুরী, স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের এমডি অঞ্জন চৌধুরী, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের এমডি এম আজিজুল হক, প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের এমডি এ কে এম রফিকুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিইও ও এমডি আনিস এ খান, রহমান রহমান হকের পার্টনার আদিব এইচ খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন, রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের এমডি ফিরোজ রহিম, পূবালী জুট মিলস লিমিটেডের এমডি কামরান টি রহমান এবং সিটিব্যাংক এনএর এমডি ও কান্ট্রি অফিসার মামুন রশীদ।