মেধাসম্পদ বিষয়ে বাংলাদেশকে সব সহায়তার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডব্লিউআইপি) মহাপরিচালক ফ্রান্সিস গারি বাংলাদেশের মেধাসম্পদবিষয়ক প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের আধুনিকায়ন এবং বিদ্যমান মেধাসম্পদবিষয়ক আইন সংস্কারের ক্ষেত্রে আরও আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন। গারি বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় নিজেদের শিল্পপণ্য টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে গবেষণা ও উন্নয়ন খাতে সক্ষমতা বাড়াতে হবে। গতকাল রোববার বাংলাদেশ সফররত বিশ্ব মেধাসম্পদ সংস্থার মহাপরিচালক ফ্রান্সিস গারি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠককালে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বিশ্ব মেধাসম্পদ সংস্থার পরিচালক কিফল সেনক্রুসহ শিল্প ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।