মেধাসম্পদ সুরক্ষায় জাতীয় সংস্থা গঠনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় মেধাসম্পদের মালিকানা সুরক্ষায় একটি জাতীয় সংস্থা গঠনের পরামর্শ দিয়েছেন শিল্পোদ্যোক্তা ও মেধাসম্পদ-বিষয়ক বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, মেধাসম্পদ-বিষয়ক নীতি প্রণয়নের ক্ষেত্রে ভোক্তা অধিকার, দেশের অর্থনীতি এবং শিল্পোদ্যোক্তাদের স্বার্থের বিষয়টি বিশেষ বিবেচনায় আনতে হবে। বাংলাদেশে মেধাসম্পদের নকলের ফলে প্রতিবছর সরকার ২০০ থেকে ৩০০ কোটি ডলার রাজস্ব হারাচ্ছে।রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে গতকাল ‘বাংলাদেশে মেধাসম্পদ নকলের ক্রমবর্ধমান প্রবণতা এবং জাতীয় অর্থনীতি ও ভোক্তা অধিকারের ক্ষেত্রে এর প্রভাব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।ইনটেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইপিএবি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এ বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইপিএবির সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এতে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী বিশেষ অতিথি ছিলেন।বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের পরিচালক জাকির ইবনে হাই। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের নিবন্ধক বি এম কামাল, কপিরাইট অফিসের নিবন্ধক মো. মিজানুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক শরিফা খানসহ দেশের ওষুধ, টোব্যাকো, ইলেকট্রনিক, কম্পিউটার সফটওয়্যার, মিউজিক-শিল্প খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, মেধাসম্পদ-বিষয়ক আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেডমার্ক আইন-২০০৯ প্রণয়ন করা হয়েছে। শিগগিরই ট্রেডমার্কস বিধিমালা চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম পণ্যের নকল প্রতিরোধ করার জন্য ভোক্তাদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নকল প্রতিরোধের লক্ষ্যে জোরদার প্রচারণা চালানোর প্রস্তাব করেন।বৈঠকে বক্তারা বলেন, মেধাসম্পদের নকল ও পাইরেসির ফলে জাতীয় রাজস্ব ক্ষতির পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাঁরা মেধাসম্পদের নকল প্রতিরোধে আরও অধিক হারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং এ-সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগের সুপারিশ করেন।বর্তমানে বাংলাদেশে ওষুধ, সিগারেট, কম্পিউটার সফটওয়্যার, ইলেকট্রনিক পণ্য অধিক হারে নকল হচ্ছে উল্লেখ করে জনস্বার্থে এর প্রতিরোধে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন বলে বক্তারা অভিমত দেন।অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের আবিদুর রহমান চৌধুরী, নকিয়ার রেমন্ড চু এবং বেক্সিমকো ফার্মার রেজাউল আহমেদ তথ্যচিত্র উপস্থাপন করেন।