মেধাসম্পদের চৌর্যবৃত্তি রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার অভিমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাসম্পদের চৌর্যবৃত্তি (পাইরেসি) রোধে সরকার এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পক্ষে অভিমত দিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, দেশে মেধাসম্পদের সুরক্ষার জন্য বছরব্যাপী উদ্যোগ নেওয়া প্রয়োজন।রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত ‘স্বাপ্নিক উদ্ভাবক’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত দেন।বিশ্ব মেধাসম্পদ দিবস উদ্যাপনে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন কপিরাইট কার্যালয় এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইপিএবি) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বিশেষ অতিথি ছিলেন।শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের নিবন্ধক (রেজিস্ট্রার) বি এম কামাল, কপিরাইট কার্যালয়ের নিবন্ধক মো. মনজুরুর রহমান, আইপিএবির সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।শিল্প মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, পাটের জন্মরহস্য উদ্ঘাটন এবং মানবদেহে রোগ প্রতিরোধে টিকা (ভ্যাকসিন) আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশ মেধাসম্পদ প্রয়োগে অনেক দূর এগিয়ে গেছে। সরকারি-বেসরকারি সম্মিলিত উদ্যোগে মেধাসম্পদের কার্যকর প্রয়োগ ও গবেষণার মাধ্যমে অল্পদিনেই বাংলাদেশ এশিয়ার নতুন অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে।পরিকল্পনামন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ সৃজনশীলতা ও উদ্ভাবনের দিক দিয়ে পিছিয়ে নেই। মানুষের কল্পনাশক্তি কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে জনকল্যাণে অবদান রাখতে সরকার কাজ করছে।শিল্পমন্ত্রী বলেন, ট্রিপস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইতিমধ্যে ট্রেড মার্কস আইন প্রণয়ন করা হয়েছে। ট্রেড মার্কস বিধিমালা তৈরির কাজও শেষ পর্যায়ে। এ ছাড়া দেশের প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক ও ভৌগোলিক ঐতিহ্য সংরক্ষণের জন্য ভৌগোলিক নির্দেশক আইন, লে-আউট ডিজাইনস অব ইন্টিগ্রেটেড সার্কিট ল, ইউটিলিটি মডেল ল-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।