মেধাসম্পদের সুরক্ষায় আইন যুগোপযোগী হচ্ছে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশীয় মেধাসম্পদের সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে সরকার বিদ্যমান পেটেন্ট ও ডিজাইন আইন-১৯১১-এর আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে জ্ঞানভিত্তিক শিল্পায়নের জন্য সংশ্লিষ্ট অন্যান্য আইন প্রণয়নের কাজও এগিয়ে চলছে।শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণের জন্য মেধাসম্পদের সুরক্ষা ও উন্নয়নের কোনো বিকল্প নেই বলে তিনি জানান।গতকাল ঢাকার একটি হোটেলে ইনটেলেকচুয়াল প্রোপার্টি অরগানাইজেশন অব বাংলাদেশ (আইপিএবি) আয়োজিত ‘মেধাসম্পদের অধিকার শক্তিশালী করতে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের ভূমিকা’ শীর্ষক এক সংলাপের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।আমেরিকার পেটেন্ট ও ট্রেড মার্ক অফিস, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড, ইউকেএইড ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সহায়তায় আইপিএবি এ সংলাপের আয়োজন করে।আইপিএবির সভাপতি সারওয়ার এ খানের সভাপতিত্বে সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেধাসম্পদ বিশেষজ্ঞ টি আই এম নুরুল কবির। আলোচনায় অংশ নেন শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বাংলাদেশ হাইকোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, আইপিএবির মহাসচিব আজিজুর রহমান প্রমুখ।