মেধাস্বত্ব নিবন্ধন কার্যক্রম স্বয়ংক্রিয় হলো
মেধাসম্পদের মালিকানা সুরক্ষায় শিল্প ও সেবা খাতে উদ্ভাবিত পণ্যের দ্রুত পেটেন্ট, শিল্পনকশা (ডিজাইন) ও ট্রেডমার্ক নিবন্ধন দিতে স্বয়ংক্রিয় সেবা পদ্ধতি চালু করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এটি চালু করেছে।
এর ফলে এখন থেকে সেবাগ্রহীতারা দ্রুত নিবন্ধন-সেবা পাবেন। তাঁদের নথি কোথায় আছে, কত দিনের মধ্যে তা নিষ্পত্তি হবে ইত্যাদি বিষয় সহজেই জানতে পারবেন।
ডব্লিওআইপিও উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার করে এই স্বয়ংক্রিয় সেবাপদ্ধতি চালু করা হয়েছে। এতে সহায়তা করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
রাজধানীর একটি হোটেলে আজ রোববার সকালে এ সেবার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ডিপিডিটির রেজিস্ট্রার জামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, ডিপিডিটির উপ-রেজিস্ট্রার ইলিয়াস ভূঁইয়া, বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডব্লিওআইপিও) প্রতিনিধি আদেল বাক প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে জানানো হয়, স্বয়ংক্রিয় সেবাপদ্ধতি সময়ক্ষেপণ কমানোর পাশাপাশি পণ্যের পাইরেসি রোধে সহায়তা করবে। এতে পণ্যের উদ্ভাবকেরা উপযুক্ত রয়েলটি পাবেন। দ্রুত নিবন্ধনের সুযোগ থাকায় এ-সংক্রান্ত মামলার পরিমাণও কমে যাবে বলে আশা করা হচ্ছে।
বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের জন্য মেধাসম্পদ উন্নয়ন ও গবেষণা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এজন্য একটি সমন্বিত মেধাসম্পদ কার্যালয় স্থাপন এবং এ খাতে দক্ষ ও স্থায়ী জনবল গড়ে তোলার তাগিদ দেন তাঁরা।