মেধাস্বত্বে আগ্রহ বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেধাস্বত্বে আগ্রহ বাড়ছে না
মেধাস্বত্বে আগ্রহ বাড়ছে না

উদ্ভাবিত পণ্য কিংবা সেবার পেটেন্টের জন্য ২০১২ সালে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে দেশের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে (ডিপিডিটি) ৬৭টি আবেদন পড়েছিল। গেল বছর তা কমে দাঁড়িয়েছে ৬০টিতে।
একইভাবে দেশের ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে ২০১২ সালে ‘শিল্প নকশা নিবন্ধনে’র জন্য এক হাজার ১১৪টি আবেদন পড়লেও, গত বছর তা কমে দাঁড়ায় এক হাজার ৯৯টিতে। আর ট্রেডমার্কের আবেদন আট হাজার ২৯৪টি থেকে কমে হয়েছে আট হাজার ২৩১টি।
দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজেদের উদ্ভাবিত পণ্য-সেবার মেধাস্বত্ব নেওয়ার আগ্রহ যে বাড়ছে না, ডিপিডিটির এই তথ্য সে বিষয়েই ইঙ্গিত করছে। বলা যায়, নিজস্ব উদ্ভাবনের ক্ষেত্রেও কিছুটা ভাটা পড়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ডিপিডিটি দেশে মেধাস্বত্বের আবেদন নেওয়া ও এসব পরীক্ষা-নিরীক্ষা করে সনদ দিয়ে থাকে।
অথচ বিশ্বব্যাপী পণ্য ও সেবার উদ্ভাবনের মেধাস্বত্ব নিতে আবেদনের হিড়িক বেড়েছে। বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর আবেদন তাই ক্রমেই বাড়ছে। একই কারণে দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানের চেয়ে বেশি হারে নিবন্ধনও পাচ্ছে তারা।
জানতে চাইলে ডিপিডিটির নিবন্ধক জামাল আবদুল নাসের প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশের ব্যবসায়ীরা মেধাস্বত্বের ব্যাপারে যথেষ্ট সচেতন নন। সে কারণে আবেদনও কম পড়ে। দেশে ব্যবসার যত প্রসার ঘটবে, তত মেধাস্বত্বের আবেদনও বেশি পড়বে। আরেকটি বড় কারণ হলো, দেশে পেটেন্ট পাওয়ার যোগ্য উদ্ভাবনও কম। সে কারণে দেখা যায়, দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন কম পড়ছে। অন্যদিকে বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোই বেশি পেটেন্ট পাচ্ছে।’
কম পেটেন্টের, বেশি ট্রেডমার্কের: চার বছর ধরেই দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানের পেটেন্টের আবেদন ৬০-এর ঘরেই ঘুরপাক খাচ্ছে। মাঝখানে কেবল ২০১১ সালে আবেদন পড়েছিল মাত্র ৩২টি।
পেটেন্ট আবেদনের এ হার অবশ্য খুবই নগণ্য। ডিপিডিটিতে ২০১৩ সালে পেটেন্টের জন্য যত আবেদন পড়েছে এর মাত্র ২০ শতাংশ পড়েছে দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছ থেকে।
ডিপিডিটিতে জমা পড়া বেশির ভাগ পেটেন্ট আবেদনই ওষুধকেন্দ্রিক। এর বাইরে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, মুঠোফোন, বিভিন্ন ধরনের পদার্থ ও ধাতুবিদ্যা-সংক্রান্ত, জৈবপ্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনের জন্য আবেদন জমা পরে। গত বছর শুধু ওষুধের আবেদনই পরেছে ৬২টি।
তবে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ওয়ার্ল্ড ইনটালেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউপিও) নির্দেশনা অনুযায়ী, ২০১৬ সালের ৫ জানুয়ারি পর্যন্ত অধিদপ্তর ওষুধের পেটেন্টের নিবন্ধন দেওয়া বন্ধ রেখেছে।
ডিপিডিটি সূত্র বলছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা সংস্থা (বিসিএসআইআর) নিয়মিত বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন এবং গবেষণা করছে। এর মধ্যে বিসিএসআইআর কেবল পেটেন্টের জন্য আবেদন করে থাকে। বারি কিংবা ব্রির পক্ষ থেকে আবেদন পড়ে খুবই কম।
ডিপিডিটির পেটেন্ট-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘দেশে ভালো মানের গবেষণার সংখ্যা কম। সে কারণে উদ্ভাবনও কম। ফলে পেটেন্টের আবেদনও পড়ছে কম।’ তিনি বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি ড্রোন তৈরি করেছে। পেটেন্ট যদি না থাকে তাহলে তাঁরা এর সুরক্ষা পাবেন না। কিন্তু এখনো এর পেটেন্টের জন্য কেউ আবেদনই করেনি।’
পেটেন্ট আবেদন কম হওয়ায় দেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের পক্ষে অনুমোদনও হচ্ছে কম। ২০১৩ সালে দেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের পক্ষে ১৬টি পেটেন্ট অনুমোদন দেওয়া হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল ১৪।
ট্রেডমার্কের আবেদনে অবশ্য দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো বেশ এগিয়ে আছে। ২০১৩ সালে ডিপিডিটিতে ১১ হাজার ৫৮১টি আবেদন জমা পড়ে। এর মধ্যে আট হাজার ২৩২টি আবেদন এ দেশীয় (৭১ শতাংশ)।
মেধাসম্পদের সুরক্ষা দিতে পেটেন্ট, শিল্প নকশা (ডিজাইন) ও ট্রেডমার্ক নিবন্ধনে গত ২৩ ফেব্রুয়ারি স্বয়ংক্রিয় (অটোমেটেড) সেবা পদ্ধতি চালু করেছে ডিপিডিটি। কর্মকর্তারা বলছেন, অযান্ত্রিক (ম্যানুয়ালি) নিবন্ধন-প্রক্রিয়ায় এত দিন আবেদনের পর থেকে ট্রেডমার্ক নিবন্ধন পেতে ১৪ মাস পর্যন্ত সময় লেগে যেত। স্বয়ংক্রিয় হওয়ার পর এখন তিন থেকে ছয় মাসের মধ্যে নিবন্ধন পাওয়া সম্ভব হবে।
অবশ্য গেল বছর আবেদন কমে গেছে শিল্পনকশারও। দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো এক হাজার ৯৯টি নকশা নিবন্ধনের জন্য আবেদন করে। আগের বছর আবেদন পড়েছিল এক হাজার ১১৪টি।
মেধাস্বত্বে এগিয়ে বিদেশিরা: দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো যেখানে মেধাস্বত্বে আগ্রহবিমুখ, সেখানে প্রতিবছরই এ দেশ থেকে মেধাস্বত্ব নিতে বেশি আগ্রহ দেখা যাচ্ছে বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর মধ্যে। বিদেশি প্রতিষ্ঠানগুলো আবেদন যেমন বেশি করছে, তেমনি তাদের পক্ষে নিবন্ধনও বেশি হচ্ছে।
২০১৩ সালে ডিপিডিটিতে পেটেন্টের জন্য যত আবেদন পড়েছে, তার ৮০ শতাংশই এসেছে বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে, ২৪৩টি। অন্যদিকে ওই বছর যত পেটেন্টের অনুমোদন হয়েছে, তার ৮৭ শতাংশই পেয়েছে তারা।
ট্রেডমার্ক আবেদনে অবশ্য পিছিয়ে বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো। গত বছর যত আবেদন পড়েছে, তার ২৯ শতাংশ (তিন হাজার ৩৫০টি) আবেদন এসেছে তাদের কাছ থেকে। তবে নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে এগিয়ে বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠান। গত বছর মোট নিবন্ধন পাওয়া ট্রেডমার্কের ৬৭ শতাংশই পেয়েছে তারা। শিল্প নকশার আবেদনের অবশ্য মাত্র ১১ শতাংশ বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে পাওয়া।
মেধাস্বত্ব এবং এর সুরক্ষা: পেটেন্ট, ট্রেডমার্ক আর শিল্প নকশা—এই তিনটি স্বত্বকেই মেধাস্বত্ব ধরা হয়। সাধারণভাবে বললে, পেটেন্ট হলো একটি দেশের কোনো উদ্ভাবককে তার উদ্ভাবনী পণ্যসেবাকে নির্দিষ্ট সময় পর্যন্ত (সাধারণত ২০ বছর) এককভাবে নির্মাণ, বিতরণ ও সংরক্ষণ করার অধিকার সনদ। ফলে অন্য কেউ ওই পণ্যসেবা প্রস্তুত করলে আইনগতভাবে তা স্বীকৃত হবে না এবং নকল হিসেবে চিহ্নিত হবে।
ট্রেডমার্ক হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্যসূচক চিহ্ন, যা ওই ব্যক্তি-প্রতিষ্ঠানের পণ্যসেবাকে সমজাতীয় অন্যান্য পণ্যসেবা থেকে আলাদা করে। এটি কোনো নাম বা অক্ষর বা শব্দ বা প্রতীক বা ছবি বা এসবের সমন্বয়ে হতে পারে। যেমন—মার্সিডিজ বেঞ্জের লেখাসংবলিত নকশা হলো এর ট্রেডমার্ক।
শিল্পনকশা হলো হাতে বা যন্ত্রে প্রস্তুত করা দৃশ্যমান নকশা, যা কোনো প্রস্তুত পণ্যে ব্যবহার করা যায়। হাল আমলে আইপড বা আইফোনের নকশা হলো বিশ্বের অন্যতম সুন্দর শিল্প নকশা।
পেটেন্ট, ট্রেডমার্ক আর শিল্পনকশা এই তিনটি স্বত্বকেই মেধাস্বত্ব বলা হয়
পেটেন্ট হলো একটি দেশের কোনো উদ্ভাবককে তার উদ্ভাবনী পণ্যসেবাকে নির্দিষ্ট সময় পর্যন্ত এককভাবে নির্মাণ, বিতরণ ও সংরক্ষণ করার অধিকার সনদ
ট্রেডমার্ক হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্যসূচক চিহ্ন, যা ওই ব্যক্তি-প্রতিষ্ঠানের পণ্যসেবাকে সমজাতীয় অন্যান্য পণ্যসেবা থেকে আলাদা করে
শিল্পনকশা হলো হাতে বা যন্ত্রে প্রস্তুত করা দৃশ্যমান নকশা, যা কোনো প্রস্তুত পণ্যে ব্যবহার করা যায়

‘আমাদের দেশের ব্যবসায়ীরা মেধাস্বত্বের ব্যাপারে যথেষ্ট সচেতন নন এবং দেশে পেটেন্ট পাওয়ার যোগ্য উদ্ভাবনও কম। সে জন্য দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছ থেকে পেটেন্টের জন্য আবেদন কম পড়ছে
জামাল আবদুল নাসের
নিবন্ধক, ডিপিডিটি