মেধাস্বত্বে পিছিয়ে দেশীয়রা
উদ্ভাবিত পণ্য কিংবা সেবার পেটেন্ট স্বত্বের জন্য ২০১৩ সালে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে দেশের প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে (ডিপিডিটি) ৬০টি আবেদন জমা পড়েছিল। গত বছর আবেদন পড়েছে ৪৪টি।
এই সময় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ডিপিডিটিতে মোট ২৯৩টি পেটেন্ট আবেদন জমা পড়ে। এর মধ্যে বিদেশিদের আবেদন ২৪৯টি, যা মোট আবেদনের ৮৫ শতাংশ।
আবার গত বছর ডিপিডিটি ১২১টি পেটেন্টের অনুমোদন দিয়েছে। এর মধ্যে দেশীয় উদ্ভাবনের পেটেন্ট মাত্র ২১টি। বাকি অনুমোদনগুলো (১০০টি) পেয়েছেন বিদেশিরা।
পেটেন্ট, শিল্পনকশা, ট্রেডমার্ক এবং কপিরাইট—এই চারটি স্বত্বকে একত্রে মেধাস্বত্ব ধরা হলেও নতুন উদ্ভাবনসংক্রান্ত স্বত্ব অর্থাৎ পেটেন্টের গুরুত্ব একটু বেশি। আর এ ক্ষেত্রেই বেশি পিছিয়ে দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো।
জানতে চাইলে ডিপিডিটির নিবন্ধক সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘নতুন উদ্ভাবনের জন্য তো গবেষণা লাগবে। দেশে গবেষণা কম হয়। গবেষণার জন্য বরাদ্দও কম। যত দিন গবেষণা ও উন্নয়নে অর্থ বরাদ্দ বাড়ানো না যাবে, তত দিন মানসম্পন্ন গবেষণাও হবে না, পেটেন্টও কম হবে।’
শুধু পেটেন্ট নয়, গত বছর কমে গেছে ট্রেডমার্কের আবেদনও। ২০১৩ সালে যেখানে ডিপিডিটিতে ৮ হাজার ২৩১টি আবেদন পড়েছিল, সেখানে গত বছর তা নেমেছে ৭ হাজার ৯৩০টিতে।
তবে শিল্পনকশার আবেদন বেড়েছে। দেশের ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে ২০১৩ সালে ১ হাজার ৯৯টি শিল্পনকশার আবেদন পড়লেও গত বছর জমা পড়েছে ১ হাজার ২৪৫টি।
মেধাস্বত্বের বড় আরেকটি ক্ষেত্র কপিরাইট নিবন্ধনের জন্য অবশ্য আলাদা আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, নাম কপিরাইট কার্যালয়। এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন। সংস্থাটির সূত্র বলছে, ২০১৪ সালে কপিরাইটের জন্য ৫৫৪টি আবেদন জমা পড়ে।
পেটেন্টের আবেদন কম, বেশি ট্রেডমার্কের: ডিপিডিটি বলছে, চার বছর ধরেই দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানের পেটেন্টের আবেদন ৬০-এর ঘরেই ঘুরপাক খাচ্ছে। বেশির ভাগ আবেদনই ওষুধকেন্দ্রিক। এর বাইরে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, মুঠোফোন, বিভিন্ন ধরনের পদার্থ ও ধাতুবিদ্যাসংক্রান্ত, বায়োটেকনোলজিসহ বিভিন্ন উদ্ভাবনের জন্য আবেদনও আসে। তবে ২০১৬ সালের ৫ জানুয়ারি পর্যন্ত অধিদপ্তর ওষুধের পেটেন্টের নিবন্ধন দেওয়া বন্ধ রেখেছে।
জানা যায়, কিছুদিন আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ড্রোন (চালকবিহীন উড়োজাহাজ) তৈরি করেছেন। এরপর আরও কয়েকজন শিক্ষার্থীও এমন ড্রোন তৈরি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যার একজন শিক্ষক কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে সম্প্রতি সড়ক দুর্ঘটনা প্রতিরোধী একটি অভিনব ডিভাইস আবিষ্কার করেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের স্কুল-কলেজের শিক্ষার্থীরা নানা ধরনের উদ্ভাবন করছে।
‘সারা দেশের এ উদ্ভাবনগুলোকে প্রতিনিয়ত তদারকি করা উচিত। এ কাজটি করতে পারে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়। এসব উদ্ভাবনকে তদারকি করা হয় না বলে এসবের পেটেন্টও হয় না’—এমন মন্তব্য ডিপিডিটির উপনিবন্ধক (পেটেন্ট ও নকশা) ইলিয়াস ভূইয়ার। তিনি প্রথম আলোকে বলেন, আবিষ্কার ও উদ্ভাবনকে উৎসাহী করতে ওই মন্ত্রণালয় একটি ‘পেটেন্ট তহবিল’ গঠন করতে পারে, যেন সেখান থেকে উদ্ভাবনকারীরা সহায়তা পান।
ডিপিডিটি সূত্র বলছে, পেটেন্ট আবেদন কম হওয়ায় দেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের পক্ষে অনুমোদনও হচ্ছে কম। ২০১৩ সালে দেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের পক্ষে ১৬টি পেটেন্ট অনুমোদন দেওয়া হয়। গত বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২১টিতে।
ডিপিডিটিতে গত বছর ট্রেডমার্কের আবেদন জমা পড়ে ১১ হাজার ৫৪১টি। আগের বছর আবেদন জমা পড়েছিল ১১ হাজার ৫৮১টি। আর দেশের ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে ২০১৩ সালে ১ হাজার ৯৯টি শিল্পনকশার আবেদন পড়লেও গত বছর জমা পড়ে ১ হাজার ২৪৫টি।
মেধাসম্পদের সুরক্ষা দিতে পেটেন্ট, শিল্পনকশা (ডিজাইন) ও ট্রেডমার্ক নিবন্ধনে গত বছরের ২৩ ফেব্রুয়ারি স্বয়ংক্রিয় সেবাপদ্ধতি চালু করেছে ডিপিডিটি। কর্মকর্তারা বলছেন, অযান্ত্রিক (ম্যানুয়াল) নিবন্ধন-প্রক্রিয়ায় এত দিন আবেদনের পর থেকে ট্রেডমার্ক নিবন্ধন পেতে ১৪ মাস পর্যন্ত সময় লেগে যেত। স্বয়ংক্রিয় হওয়ার পর এখন তিন থেকে ছয় মাসের মধ্যে নিবন্ধন পাওয়া সম্ভব হবে।
মেধাস্বত্ব বেশি নিচ্ছে বিদেশিরা: দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো যেখানে মেধাস্বত্বে অনাগ্রহী, সেখানে প্রতিবছরই এ দেশ থেকে মেধাস্বত্ব নিতে বেশি আগ্রহ দেখা যাচ্ছে বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো। তারা আবেদন যেমন বেশি করছে, নিবন্ধনও পাচ্ছে বেশি।
ডিপিডিটি বলছে, ২০১৪ সালে জমা হওয়া মোট পেটেন্ট আবেদনের ৮৫ শতাংশ আর মোট অনুমোদনের ৮৩ শতাংশই ছিল বিদেশি উদ্ভাবনকারীদের।
ডিপিডিটিতে ট্রেডমার্কের জন্য আবেদনে বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো পিছিয়ে থাকলেও নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে। ২০১৪ সালে সংস্থাটিতে জমা পড়া ট্রেডমার্কের আবেদনের ৩১ শতাংশই (৩ হাজার ৬১১টি) ছিল বিদেশিদের। অন্যদিকে মোট নিবন্ধন পাওয়া ট্রেডমার্কের ৭৯ শতাংশই (৩ হাজার ৭টি) পেয়েছেন তাঁরা।
শুধু শিল্পনকশার ক্ষেত্রেই বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে দেশীয় ব্যক্তি-প্রতিষ্ঠানগুলো। গত বছর ডিপিডিটিতে শিল্পনকশার ৮০২টি আবেদন জমা পড়ে। এতে বিদেশিদের আবেদন ছিল ১২৫টি (১৫ শতাংশ)। আর নিবন্ধন দেওয়া হয় ১ হাজার ৩৭৯টি নকশার, যার মধ্যে বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের নকশা ছিল ১৩৪টি (১০ শতাংশ)।