মেয়াদ বাড়ল কর অবকাশ-সুবিধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের গতি ত্বরান্বিত করতে বিদ্যমান কর অবকাশ সুবিধার মেয়াদ ২০১৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এমন প্রস্তাব তুলে ধরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রসঙ্গত, বর্তমানে ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি খাত, বায়োটেকনোলজি, বায়োফার্টিলাইজার, কীটনাশক প্রস্তুতসহ ৩৬টি খাত কর অবকাশ সুবিধা পায়। এই সুবিধার মেয়াদ ছিল ২০১৫ সালের জুন পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো উদ্যোক্তা ওই সব খাতে শিল্প গড়লে নানা মেয়াদে কর সুবিধা পাবেন। সর্বোচ্চ সাত বছর পর্যন্ত এই কর সুবিধা পাওয়া যাবে।
আর গতকাল বাজেট বক্তৃতায় এর সঙ্গে আরও একটি নতুন শিল্প খাতকে অন্তর্ভুক্তির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। খাতটি হলো—পরিবেশবান্ধব আধুনিক ইটভাটা (হাইব্রিড হফম্যান কিলন পদ্ধতিতে যেসব ইটভাটায় ইট প্রস্তুত হয়)।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দেশের সব সিটি করপোরেশন এলাকার বাইরে অন্যান্য এলাকায় উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান ১০ থেকে ২০ শতাংশ হারে আয়কর রেয়াত সুবিধা পাবে।
এ বছরের জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত যেসব শিল্প স্থাপন করা হবে এবং দেশের সিটি করপোরেশনগুলোতে অবস্থিত বিদ্যমান শিল্পগুলো অন্য এলাকায় সরিয়ে নিলে ২০ শতাংশ হারে কর রেয়াত সুবিধা পাবে।