মেয়াদ শেষ হওয়া ডেপুটি গভর্নররা পুনর্নিয়োগ পাচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের সদ্য মেয়াদ শেষ হওয়া ডেপুটি গভর্নররা (ডিজি) পুনর্নিয়োগ পেতে পারেন।
ঢাকায় সচিবালয়ে গতকাল সোমবার ভুটানের স্পিকার জিগমে জাঙ্গোর সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
কেন্দ্রীয় ব্যাংকের এই তিন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা ও আবু হেনা মোহা. রাজী হাসানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে গত ২২ জানুয়ারি।
অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকেরা জানতে চান, বাংলাদেশ ব্যাংক তো এখন ডিজিশূন্য, বিষয়টি নিয়ে কী হবে? উত্তরে মন্ত্রী বলেন, ‘ওটা হবে। দেখা যাক।’
তাহলে পুনর্নিয়োগই হচ্ছে বলে ধরে নেওয়া যায়—এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘আশা করছি। এই সমস্যা সম্পর্কে আমি, আমার মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীও সচেতন।’
বাংলাদেশ ব্যাংকের ডিজি হওয়ার জন্য দেশে নতুন যোগ্য লোক কি নেই—প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই আছে। কিন্তু প্রক্রিয়া লম্বা তো। এ জন্য সার্চ কমিটি গঠন করতে হবে, সার্চ কমিটি বিজ্ঞাপন (ইনভাইটেশন) দেবে। আমি নিশ্চিত, বাংলাদেশ ব্যাংকের ডিজি হওয়ার যোগ্য অনেকেই আছেন। আমিই কয়েকজনকে চিনি।’
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের একমাত্র ডেপুটি গভর্নর আবুল কাসেমও গত আগস্টে পুনর্নিয়োগ পান।
বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গভর্নর, ডেপুটি গভর্নরদের নিয়োগ চুক্তিভিত্তিকই হয়। এটাই ভালো।’
এদিকে ভুটানের স্পিকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার ও সম্প্রসারণ করতে ভুটান বরাবরই আগ্রহী। তারা খুশি যে, বাংলাদেশ তাদের কাছ থেকে বোল্ডার (অচূর্ণ বড় পাথর) আমদানি করছে।