মেয়াদি আমানতের সুদ আরও কমাল রাষ্ট্রমালিকানার ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো তাদের মেয়াদি আমানতের সুদহার আবারও কমিয়েছে। নতুন করে এ সুদহার নির্ধারণ করা হয়েছে সাড়ে ৮ শতাংশ। ফলে ব্যাংকে মেয়াদি আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।
গতকাল সোমবার থেকে নতুন হার কার্যকর করা হয়েছে। এর আগে গত নভেম্বর মাসে ব্যাংকগুলো এক দফা এ সুদহার দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৯ শতাংশে নির্ধারণ করেছিল।
নতুন সুদহার কার্যকর হওয়ার পর এ ব্যাংকগুলোতে কোনো গ্রাহক ১০০ টাকা আমানত রাখলে তার বিপরীতে বছরে সাড়ে ৮ টাকা সুদ পাবেন। আগে পেতেন ৯ টাকা।
জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন এ সুদহার কার্যকর করা হয়। মেয়াদি আমানতের সুদহার কমানোর পাশাপাশি তহবিল ব্যয় (কস্ট অব ফান্ড) বিবেচনায় ঋণের সুদহার কমানোর বিষয়েও উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয় ওই বৈঠকে।
যোগাযোগ করা হলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, স্থায়ী আমানতের সুদহার কমানোর কারণে তাদের তহবিল ব্যয় কমে আসবে। তিনি বলেন, ‘এতে আমরা ঋণের সুদহারও কমাতে পারব।’
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবিতে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের ১৬ ফেব্রুয়ারির সভাটি অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন আইসিবির এমডি মোহাম্মদ ফায়েকুজ্জামান। মেয়াদি আমানতের সুদহার কমানোর বিষয়টি তিনিও নিশ্চিত করেন।
আমানতের সুদহার কমানোর পাশাপাশি রাষ্ট্র মালিকানার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের নিয়ে একটি অ্যাসোসিয়েশন গঠনেরও সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ বা এবিবির আদলে এ সংগঠন গঠনের উদ্যোগ নেওয়ার প্রস্তাব হয় বৈঠকে।
এ লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে। তাতে রাষ্ট্রায়ত্ত প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একজন করে প্রতিনিধি রাখা হয়। এই কমিটি অ্যাসোসিয়েশন গঠনের বিভিন্ন বিষয়ে সুপারিশ তৈরি করবে।