মেলবোর্ন-আবুধাবি পথে বোয়িং ৭৭৭ চালাবে ইতিহাদ
ইতিহাদ এয়ারওয়েজ মেলবোর্ন-আবুধাবি রুটে বা পথে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন বোয়িং ৭৭৭-৩০০ইআর এয়ারক্র্যাফটের মাধ্যমে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে। ইতিহাদ এয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস হোগ্যান সম্প্রতি আবুধাবিতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকারের দেওয়া এক নৈশভোজ অনুষ্ঠানে এ ঘোষণা দেন।সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থার নতুন বিমানটিতে তিন শ্রেণীতে মোট ৩২৮টি আসন থাকবে। এ পথে বর্তমানে পরিচালিত হচ্ছে ২৫২ আসনের এয়ারবাস এ৩৪০। জেমস হোগ্যান বলেন, ‘আমাদের বৈশ্বিক নেটওয়ার্কে মেলবোর্ন হচ্ছে একটি অন্যতম সফল পথ। অস্ট্রেলিয়ায় আমাদের তিনটি গন্তব্যের মধ্যে যাত্রী পরিবহনে এটি রয়েছে শীর্ষস্থানে।’ তিন শ্রেণীতে মোট ৩২৮টি আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ইআর এয়ারক্র্যাফটে আটটি ডায়মন্ড ফার্স্টক্লাস বা প্রথম শ্রেণীর, ৪০টি পার্ল বিজনেস ক্লাস এবং ২৮০টি কোরাল ইকোনমি ক্লাসের আসন রয়েছে। ইতিহাদ এয়ারওয়েজের বহরে বর্তমানে ১৩টি বোয়িং ৭৭৭ এয়ারক্র্যাফট আছে এবং চলতি বছরে আরও পাঁচটি যোগ হবে। বিজ্ঞপ্তি।