মেলা থেকেই অনেকে ফ্ল্যাট ও জমি কিনছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী আবাসন মেলা আজ সোমবার শেষ হচ্ছে। মেলার শেষ দিকে এসে অনেকে এখন পছন্দসই ফ্ল্যাট বা জমি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করার পর্যায়ে রয়েছেন। মেলায় আগত অনেকেই জানিয়েছেন, তাঁরা বছরজুড়ে মেলার প্রতীক্ষায় ছিলেন। তাই দামদরে বনিবনা হওয়ায় মেলাতেই বুকিং দিয়ে ফেলেছেন।রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় গতকাল রোববার ঘুরে এ রকম তথ্যই পাওয়া গেল। তবে মেলায় অংশগ্রহণ নেওয়া প্রতিষ্ঠানগুলো জানিয়েছে যে এবারের মেলার ভেন্যু পরিবর্তন হওয়ায় অভিজাত শ্রেণীর ক্রেতারা আসেননি। তা ছাড়া যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে এবার ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। তবে বিক্রেতাদের প্রত্যাশা, মেলায় যাঁরা কেনার সিদ্ধান্ত নিতে পারেননি, তাঁরা মেলা শেষে ডেভেলপারদের অফিসে গিয়ে যোগাযোগ করবেন। রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা মাঠে গত বৃহস্পতিবার থেকে ‘রিহ্যাব ভিশন ফেয়ার ২০১০’ শীর্ষক এই মেলা শুরু হয়। এবারের মেলায় ৩০৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আজ সোমবার মেলার শেষ দিন। আজও মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।বসুধা বিল্ডার্স: এই প্রতিষ্ঠান মেলায় চট্টগ্রামের ১১টি বড় ধরনের বাণিজ্যিক ও অ্যাপার্টমেন্ট প্রকল্প নিয়ে এসেছে। সেই সঙ্গে কুয়াকাটার সাগরঘেঁষা বসুধা আইল্যান্ড শীর্ষক প্রকল্পের জমি বিক্রি করছে। বসুধা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার খান জানান, এবারের মেলায় তাঁরা অভূতপূর্ব সাড়া পেয়েছেন। মেলায় তাঁরা সব পণ্যেই পাঁচ শতাংশ, নগদ মূল্য পরিশোধে ১০ শতাংশ এবং পত্রিকায় তাঁদের প্রতিষ্ঠানের দেওয়া বিজ্ঞাপনের কাটিং যাঁরা নিয়ে আসেন তাঁদের কমিশনের ওপর অতিরিক্ত এক লাখ টাকা মূল্যছাড় দিচ্ছেন।আবদুল জব্বার খান আরও জানান, কুয়াকাটায় তাঁদের দেড় কিলোমিটার দীর্ঘ নিজস্ব বিচ ও ৮৪টি কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ থাকায় এই প্রকল্পের জমি বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। গতকাল পর্যন্ত বসুধা আইল্যান্ডের ২৭২টি প্লট বিক্রির বুকিং পাওয়া গেছে। আর ৮১টি অ্যাপার্টমেন্ট বিক্রির বুকিং পেয়েছেন তাঁরা।নগর হোমস: নগর হোমস লিমিটেড এবার রিহ্যাব মেলায় ঢাকার ধানমন্ডি, বনানী, কলাবাগান, খিলগাঁও, ফার্মগেট, মোহাম্মদপুর, শন্তিনগর, মিরপুর, উত্তরা প্রভৃতি ৫০টি অ্যাপার্টমেন্ট ও একটি বাণিজ্যিক প্রকল্প প্রদর্শন করছে। এ ছাড়া ঢাকার বাইরে কুমিল্লার ১২টি প্রকল্প প্রদর্শন করছে। এই প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নূরনবী বলেন, এবার খোলা মাঠে মেলা হওয়ায় অন্যবারের তুলনায় দর্শক উপস্থিতি কম। একই সঙ্গে বেচাবিক্রিও তুলনামূলক কম। মেলায় প্রকল্পভেদে মূল্যছাড় দেওয়া হচ্ছে। বিশ্বাস বিল্ডার্স: মেলায় বিশ্বাস বিল্ডার্স দুটি জমির প্রকল্প ও প্রায় ২৫টি অ্যাপার্টমেন্ট প্রকল্প প্রদর্শন করছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান জানান, আশুলিয়ার প্রকল্পের প্রতি কাঠা জমি ১৫ লাখ ২৫ হাজার থেকে ২৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে। আর পূর্বাচলের ঝিলমিল প্রকল্পের প্রতি কাঠা জমি সাত লাখ ২৫ হাজার টাকা থেকে ১০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মেলায় কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মো. মাসুম বিল্লাহ জানান, মেলায় ২০টির বেশি অ্যাপার্টমেন্ট প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। মেলায় বেচাবিক্রি বেশ ভালো। মেলার প্রথম দিনেই তাঁদের স্টল থেকে চারটি ফ্ল্যাট বুকিং হয়েছে। এ ছাড়া দ্বিতীয় দিনে চারটি ও তৃতীয় দিনে সাতটি ফ্ল্যাট বুকিং হয়।আমিন মোহাম্মদ গ্রুপ: রিহ্যাব আবাসন মেলায় আমিন মোহাম্মদ গ্রুপের স্টলে ঢাকা শহরের বিভিন্ন স্থানের ৭০টি প্রকল্প প্রদর্শন করছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে অ্যাপার্টমেন্ট, দোকান ও অফিস স্পেস। এ ছাড়া চট্টগ্রামের পাঁচটি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া রয়েছে ‘আশুলিয়া মডেল টাউন’ ও মতিঝিল সবুজবাগের ‘গ্রিন মডেল টাউন’ চলতি জমির প্রকল্প। নতুন হাতে নেওয়া আশুলিয়ার সাতটি ও সিলেটের একটি জমির প্রকল্পও মেলায় আনা হয়েছে। আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এ ওয়াই এম মোসাদ্দেক হোসেন বলেন, মেলার প্রথম দুই দিন ক্রেতারা যাচাই-বাছাই করেছেন। আর তৃতীয় দিন থেকে ফ্ল্যাট বা প্লট বুকিং দিতে শুরু করেছেন। মেলায় মূলত মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা আসছেন। তিনি আরও জানান, মেলায় গ্রাহকদের জন্য মূল্যছাড় না দিলেও গ্রাহকদের কিস্তি পরিশোধের ওপর ভিত্তি করে প্রকল্প অনুযায়ী ৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। এ ছাড়া এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে জমির ক্রেতাদের বিশেষ ছাড় দেওয়া হয়।ডম-ইননো: রাজধানীর বিভিন্ন এলাকার প্রায় ৮০টি অ্যাপার্টমেন্ট প্রকল্প মেলায় প্রদর্শন করছে। এসব প্রকল্পে রয়েছে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের উপযোগী অ্যাপার্টমেন্ট।প্রতিষ্ঠানের উপব্যবস্থাপক (বিক্রয় বিভাগ) মো. মনিরুল ইসলাম শাহীন জানান, মেলায় মূলত দর্শক-ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কোনো ধরনের মূল্যছাড় দেওয়া হচ্ছে না। তবে কেচাবিক্রিও আশানুরূপ। ট্রপিক্যালস হোমস: রিহ্যাব আবাসন মেলায় ট্রপিক্যালস হোমস ২১টি অ্যাপার্টমেন্ট প্রকল্প ও ১২টি বাণিজ্যিক প্রকল্প প্রদর্শন করছে। রাজধানীর উত্তরা, পুরানা পল্টন, সবুজবাগ, মগবাজার, নিউ ইস্কাটন, শান্তিনগর, মিরপুর, হাটখোলা, গুলশান, গ্রিন রোড, নিউ সার্কুলার রোড, দয়াগঞ্জ প্রভৃতি এলাকায় অবস্থিত এসব প্রকল্প মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের উপযোগী। প্রতিষ্ঠানে ব্যবস্থাপক (বিপণন) দেওয়ান ফয়সাল হক বলেন, মেলায় মিরপুর চিড়িয়াখানা রোডের ২৪০টি ফ্ল্যাট-বিশিষ্ট প্রকল্পে মোট মূল্যের ৩০ শতাংশ বুকিং দিলে ৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া দয়াগঞ্জ প্রকল্পেও মেলায় ৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। জনতা ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস: মেলায় ঢাকার প্রায় ২৮টি এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি প্রকল্প নিয়ে এসেছে জনতা ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস লিমিটেড। ঢাকার প্রকল্পগুলোর মধ্যে মিরপুরে ১৩টি, গুলশানে তিনটি, মোহাম্মদপুরে চারটি ও বাড্ডায় ছয়টি প্রকল্প রয়েছে। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সামস রহমান মানিক বলেন, ‘ইনশাল্লাহ, এবার ব্যাপক সাড়া পাচ্ছি। সার্বিকভাবে বিক্রি ভালো হচ্ছে। গতকাল পর্যন্ত তাঁদের তিন কোটি টাকার ফ্ল্যাট বিক্রি হয়েছে।’সামস রহমান মানিক জানান, তাঁরা মেলা উপলক্ষে বুকিং মানি নিচ্ছেন ৫০ হাজার টাকা করে এবং ক্রেতাদের জন্য দেড় শতাংশ মূল্যছাড়ের ব্যবস্থা রেখেছেন। তবে একসঙ্গে পুরো টাকাটা পরিশোধ করা হলে ২০ শতাংশ মূল্যছাড় দিচ্ছেন। তিনি আরও জানান, এবারে মেলার আয়োজনটা খুবই ভালো হয়েছে। বৃহৎ পরিসরে মেলার আয়োজন করায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি ক্রেতা-দর্শকেরাও ঘুরেফিরে প্রয়োজনীয় খোঁজখবর নিতে পারছেন। ইস্টার্ন হাউজিং: মেলায় ইস্টার্ন হাউজিং লিমিটেড রাজধানীর গুলশান, ধানমন্ডি, সেগুনবাগিচা, পান্থপথ, উত্তরা, নিকেতন, বিজয়নগর, নবাবকাটরা, কমলাপুর প্রভৃতি এলাকায় মোট ১২টি প্রকল্প প্রদর্শন করছে। এর মধ্যে দুটি বাণিজ্যিক প্রকল্প ও বাকিগুলো অ্যাপার্টমেন্ট প্রকল্প। মেলায় পান্থপথের অভিজাত শ্রেণীর ক্রেতাদের জন্য ২৬০টি ফ্ল্যাট-বিশিষ্ট নির্মিত প্রকল্পটি প্রদর্শন করা হচ্ছে। এসব ফ্ল্যাটের প্রতিটির মূল্য এক কোটি থেকে এক কোটি ১০ লাখ টাকা পর্যন্ত রয়েছে।প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ইস্টার্ন হাউজিং ছাড় দিয়ে নয়, সব সময় নির্ধারিত দরে অ্যাপার্টমেন্ট বিক্রি করে। র্যাংগস প্রপার্টিজ: এবারের রিহ্যাব মেলায় র্যাংগস প্রপার্টিজ ঢাকার বিভিন্ন এলাকার ২৫০টি প্রকল্প প্রদর্শন করছে। এর মধ্যে নয়টি বাণিজ্যিক প্রকল্প এবং বাকিগুলো অ্যাপার্টমেন্ট প্রকল্প। এ ছাড়া চট্টগ্রামের পাঁচ প্রকল্প প্রদর্শন করছে। প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলম জানান, মেলায় দর্শক-ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন। এবারের মেলায় ফ্ল্যাটের মোট মূল্যের ৩০ শতাংশ বুকিং দিলে গ্রাহকদের আকর্ষণীয় উপহার দেওয়া হচ্ছে।