মেলা থেকেই ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত অনেকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন মেলার মাঝামাঝি সময়ে এসে অনেকে এখন পছন্দসই ফ্ল্যাট বা জমি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করার পর্যায়ে রয়েছেন। মেলায় আগত ব্যক্তিদের অনেকেই জানিয়েছেন যে তাঁরা বছরজুড়ে মেলার প্রতীক্ষায় ছিলেন। তাই দামদরে বনিবনা হলে এ মেলায়ই বুকিং দিয়ে ফেলবেন।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলায় গতকাল বৃহস্পতিবার ঘুরে এ রকম তথ্যই পাওয়া গেল। রাজধানীর শেরাটন হোটেলে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে রিহ্যাব মেলা ২০০৯। মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খেলা থাকছে। জনপ্রতি প্রবেশমূল্য ৫০ টাকা। তবে পাঁচ দিনের জন্য একবারে ১০০ টাকায় টিকিট মিলবে। মেলা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।তবে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে তারা সর্বোচ্চ দর্শক-ক্রেতার উপস্থিতি প্রত্যাশা করছে।এদিকে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নানা রকম ছাড় ও উপহারের ঘোষণা দিয়ে গ্রাহক আকর্ষণের চেষ্টা করছে।অ্যাডভান্সড ডেভেলপমেন্ট: আবাসন মেলায় অ্যাডভান্সড ডেভেলপমেন্টের প্রধান আকর্ষণ নিম্নমধ্য ও মধ্যবিত্ত শ্রেণীর জনগোষ্ঠীর উপযোগী উপশহর ‘অ্যাডভান্সড এঞ্জেল সিটি’। সাভারের কর্ণপাড়ার এ প্রকল্পে ৯৬০ বর্গফুট থেকে এক হাজার ৭২৫ বর্গফুটের মোট ১২টি বিভিন্ন আয়তনের দুই হাজার ফ্ল্যাট থাকবে। ২০১৩ সালে প্রকল্পটি হস্তান্তর করা হবে। প্রতিষ্ঠানের স্টল থেকে জানানো হয়, সীমিত আয়ের মানুষের এ উপশহর তৈরি করা হচ্ছে। প্রতি বর্গফুটের দাম মাত্র দুই হাজার ৭০০ টাকা। বুকিং মানি সর্বনিম্ন এক লাখ টাকা। ন্যূনতম মাসিক কিস্তিতে ২০ বছর মেয়াদি ঋণের সুবিধাসহ ঋণগ্রহণের এক বছর পরে কিস্তি পরিশোধের সুবিধা আছে।এ ছাড়া রাজধানীর গুলশান, বারিধারা, বনানী, উত্তরা, ধানমন্ডি প্রভৃতি এলাকার অ্যাপার্টমেন্ট প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। ক্রেতাদের কাছ থেকে এসব প্রকল্পেও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানানো হয়।অ্যাসুরেন্স ডেভেলপমেন্ট: মেলায় অ্যাসুরেন্স ডেভেলপমেন্টের স্টলের প্রধান আকর্ষণ ঢাকা ক্যান্টনমেন্টের সন্নিকটের ‘অ্যাসুরেন্স সিটি’। প্রতিষ্ঠানের উপব্যবস্থাপক মো. আমিনুর রহমান জানান, মূলত নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের উপযোগী এ প্রকল্পে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ বর্গফুট আয়তনের মোট ১৩৫টি ফ্ল্যাট রয়েছে।প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক হাকিম ফয়সাল হোসেন জানান, রাজধানীর বিভিন্ন এলাকার আরও চলতি ৩৫টি প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। মেলায় মূলত দর্শকদের সঙ্গে তথ্যের আদান-প্রদান করা হচ্ছে।হাইপেরিয়ান ডেভেলপমেন্ট: হাইপেরিয়ান ডেভেলপমেন্ট লিমিটেড মেলায় রাজধানীর মিরপুর এলাকার কাজীপাড়া, পল্লবী, শেওড়াপাড়া, সেনপাড়া পর্বতা প্রভৃতি স্থানের মোট ৩২টি প্রকল্প প্রদর্শন করছে। সবগুলোই অ্যাপার্টমেন্ট। তবে একটি সঙ্গে বাণিজ্যিক প্রকল্প রয়েছে। প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. আসাদুল্লাহ জিল্লাদার জানান, মেলায় দর্শকদের কাছ থেকে বেশি ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে শুক্র ও শনিবার ছুটির দিনে আরও বেশি দর্শক-ক্রেতা আসবেন।এইচএসবিসি: মেলায় গ্রাহকদের জন্য এইচএসবিসি হোম লোন ও হোম ইকুইটি লোন প্রদান করছে। মেলা প্রাঙ্গণ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ব্যাংকের যেকোনো শাখা বা গ্রাহকসেবাকেন্দ্র থেকে হোম লোন ও হোম ইকুইটি লোন-সংক্রান্ত সেবা নিতে পারবেন।বাংলাদেশে এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘পৃথিবীজুড়েই আমরা বিশ্বের স্থানীয় ব্যাংক হিসেবে পরিচিত। তাই, বাংলাদেশে আমাদের হোম লোন ও হোম ইকুইটি লোন প্রোডাক্টগুলো সাজানো হয়েছে এ দেশের ভোক্তাদের চাহিদা ও পছন্দকে মাথায় রেখে।’রিহ্যাব মেলা উপলক্ষে গত মঙ্গলবার বিষয়ভিত্তিক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র খালেক রাজীব প্রথম স্থান লাভ করে। ভিকারুননিসা নূন কলেজের ছাত্রী ফাহিতা নূর ও সেন্ট যোসেফ কলেজের ছাত্র সাদমান ইশরাক খান যৌথভাবে দ্বিতীয় স্থান এবং সেন্ট যোসেফ কলেজের ছাত্র অরুণ কান্তি হাওলাদার ও নটরডেম কলেজের ছাত্র রাফায়েত রজত যৌথভাবে তৃতীয় স্থান লাভ করে।