মেলায় নানা হস্তশিল্পজাত পণ্য এলেও বিক্রি কম

হস্তশিল্পজাত নানা ধরনের পণ্যের প্রতি ক্রেতাদের সব সময়ই আকর্ষণ থাকে। দাম বেশি বলে সব সময় তা কেনা হয় না। তবে বাণিজ্য মেলায় এসব পণ্য কম দামে মেলে। সে কারণে অনেকেই মেলা থেকে এসব পণ্য কেনার জন্য অপেক্ষা করেন। বিক্রেতারাও সেই সুযোগ কাজে লাগান।
কিন্তু টানা অবরোধ-হরতালের কারণে এবার বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর আনাগোনা কমে গেছে। তাই হস্তশিল্পজাত পণ্যের বিক্রিও আশানুরূপ হচ্ছে না। ফলে হতাশ বিক্রেতারা। গতকাল বুধবার মেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
বরাবরের মতো এবারও নানা ধরনের শতরঞ্জি নিয়ে এসেছে কারুপণ্য রংপুর লিমিটেড। নামও দিয়েছে ‘শতরঞ্জি’। তবে এবার শতরঞ্জির ক্রেতা কম। যদিও কয়েক ঘণ্টা ঘুরে এই স্টলে ক্রেতা-দর্শনার্থীর বেশ ভিড় দেখা গেছে। মেলায় যারা ঘোরাঘুরি করছে তারা একবার হলেও পাটের শতরঞ্জি, চট আর রঙিন কাপড় দিয়ে তৈরি ব্যাগ, রঙিন সব পাপোশ, শতরঞ্জি ও বিছানার চাদর দেখার জন্য কৌতূহল নিয়ে এ স্টলে ঢুকছেন। এসব পণ্য বেশি আকৃষ্ট করছে নারীদের। স্টলে প্রদর্শিত শতরঞ্জিসহ কয়েকটি পণ্যের পাশেই লেখা রয়েছে ‘একটি কিনলে, একটি ফ্রি’।
ওই স্টলে কর্তব্যরত বিক্রেতা মো. ইকবাল প্রথম আলোকে জানান, পাটকে আরও জনপ্রিয় করতেই ব্যতিক্রমী এই প্যাভিলিয়ন করেছে কারুপণ্য কর্তৃপক্ষ। তবে এবার বিক্রি কম। সে কারণে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবুও বিক্রি হচ্ছে না।
হীরা আক্তার নামের এক ক্রেতা বললেন, ‘সম্পূর্ণ দেশীয় উপকরণে তৈরি কারুপণ্যের পণ্য শতরঞ্জি অনেক সুন্দর ও মানসম্পন্ন। প্রতিবছরই মেলা থেকে শতরঞ্জি কিনি।’

মেলায় হস্তশিল্প পণ্য নিয়ে এসেছে গ্লোডেন হ্যান্ডিক্র্যাফট। এর বিক্রেতা ফজলুল হক জানান, বড় শতরঞ্জিতে ১০ শতাংশ করে ছাড় দেওয়া
হচ্ছে। কারণ মেলা শেষ হয়ে আসছে, কিন্তু বেচাকেনা ভালো না।
আল-আমিন ক্রাফটে পাওয়া যাচ্ছে শতরঞ্জি ছাড়াও পাটের ব্যাগ, ল্যাম্প শেডসহ বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য। বিক্রেতা শেখ হাফিজুর রহমান জানালেন, প্রকারভেদে প্রতি বর্গফুট শতরঞ্জির দাম পড়বে ১০০ থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত।
নারায়ণগঞ্জ হস্তশিল্প বিপণিতেও রয়েছে পাটের বিভিন্ন ধরনের ব্যাগ, জুতা, ম্যাটসহ বিভিন্ন পণ্য। স্টলে ভিড় করতেও দেখা গেছে অনেককে। তাকির ও রুনা হোসেন নামের এক দম্পতি নতুন সংসারের জন্য মিলিয়ে কিনছেন শতরঞ্জি। তাঁরা জানালেন, দামটা বেশি। তবে ভিন্নতা আনতে মেলা থেকে নতুন কিছু কেনা।
বাণিজ্য মেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) একটি প্যাভিলিয়ন রয়েছে। এই প্যাভিলিয়নেও পাওয়া যাচ্ছে নানা হস্তশিল্প পণ্য।
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গত ১ জানুয়ারি শুরু হয়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। টিকিটের দাম প্রাপ্ত বয়স্কদের জন্য ২০ ও শিশুদের জন্য ১০ টাকা।