মেলায় আয়কর দিয়েছেন লক্ষাধিক করদাতা
রাজধানী ঢাকাসহ সারা দেশের ১৯টি আয়কর মেলায় এক লাখ দুই হাজার ১৯৮ জন করদাতা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী দাখিলসহ প্রদেয় আয়কর জমা দিয়েছেন। এতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর পেয়েছে ৮৩৮ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫৮১ টাকা। অন্যদিকে আয়কর মেলা থেকে এবার নতুন কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন ১৬ হাজার ৪০২ জন। আর মেলায় বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন তিন লাখ ৪৬ হাজার ৮৬৭ জন দর্শনার্থী। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ এক সংবাদ সম্মেলনে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রাপ্ত হালনাগাদ তথ্য জানান। বিকেল পাঁচটায় মেলা শেষ হওয়ার পর চূড়ান্ত তথ্য জানানো হয়। রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ঢাকার মেলা হয়। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এনবিআর জানিয়েছে, রাজধানীর আয়কর মেলায় ৫৫ হাজার ৫৭৯ জন তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। এতে রাজস্ব পাওয়া গেছে ৬৬৫ কোটি এক লাখ ৪৬ হাজার ৪৬২ টাকা। আর নতুন টিআইএন নিয়েছেন নয় হাজার ৫৭৭ জন। বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন দুই লাখ ছয় হাজার ২৯০ জন দর্শনার্থী। এদিকে সন্ধ্যায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘মোট জনগোষ্ঠীর ৫ শতাংশ লোক করজালের আওতায় আনা গেলে অর্থনীতি অন্য মার্গে যেত। ৫ শতাংশ লোক করজালে এলে তার সংখ্যা দাঁড়াবে ৭৫ লাখ। এখন মাত্র অর্ধেক লোক করের আওতায় আছে।’ সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ শাহ জিকরুল আহমেদ, এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান শিকদার, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন, যুব ও ক্রীড়াসচিব মাহবুব আহমেদ, এনবিআরের সদস্য এম এ কাদের সরকার প্রমুখ। অর্থমন্ত্রী বলেন, ‘আমি এই শেষ বিকেলে এসেও মেলার আমেজ দেখতে পাচ্ছি। হাওয়াই মিঠাই থাকলে পুরো মেলার আমেজ পাওয়া যেত।’ মুহিত আরও বলেন, ‘আয়কর মেলা সত্যিকার মেলায় পরিণত হয়েছে। মানুষ সরকারকে টাকা দিতে এসেছে। গর্বে আমরা বুক ফুলে গেছে।’অর্থমন্ত্রী চাকরিজীবীদের সুবিধার্থে ভবিষ্যতে মেলা রাত আটটা পর্যন্ত খোলা রাখার পরামর্শ দেন। এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আয়কর বিভাগ এখন করদাতাদের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। আর করদাতাদের স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একদিকে কর প্রশাসনের সংস্কার হচ্ছে, অন্যদিকে আয়কর-নীতি সহজ করা হচ্ছে। এতে করদাতারা উপকৃত হবেন।’ তিনি জানান, ভবিষ্যতে সব জেলায় কর মেলার আয়োজন করা হবে। ভবিষ্যতে কর মেলার দৈনিক সময়সীমা বাড়িয়ে রাত আটটা পর্যন্ত করার পরামর্শ দেন আবু আলম মো. শহীদ খান। এতে চাকরিজীবীদের সুবিধা হবে বলে তিনি মত দেন। আবদুস সোবহান শিকদার বলেন, আয়কর দেওয়ার নিয়মকানুন সহজবোধ্য নয় বলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে কর দিতে চান না। আয়কর বিবরণীর ফরম ও কর প্রদান প্রক্রিয়া আরও সহজ করা উচিত। আয়কর দিলে দেশের সব মানুষ ভালো থাকবেন। ১৬ সেপ্টেম্বর থেকে সাতটি বিভাগীয় শহরসহ ১৯টি জেলায় কর মেলা শুরু হয়। ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন বিভাগীয় শহর আর ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলা শহরে আয়কর মেলা চলে। এবারই প্রথমবারের সাতটি বিভাগীয় শহরের পাশাপাশি দেশের বড় ১২টি জেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগীয় শহরে মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো ১২টি বড় জেলা শহরের আয়কর মেলার আয়োজন করেছে আয়কর বিভাগ। জেলাগুলো হলো: ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা, নোয়াখালী, দিনাজপুর, যশোর, কুমিল্লা, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, বগুড়া ও গাজীপুর।