মেলায় কৃত্রিম ফুলের অকৃত্রিম চাহিদা

রাজধানীতে সবুজের দেখা পাওয়া যায় না বললেই চলে৷ সবুজের ছোঁয়া রাখতে বাড়িতে তাই বিভিন্ন চেষ্টা করেন নারীরা৷ সময়ের সঙ্গে সঙ্গে নারীরা ঘর সাজাতে আধুনিকতার স্পর্শ রেখে চলেছেন৷ সেই চেষ্টার প্রতিফলন যেন দেখা গেলে বাণিজ্য মেলায় কৃত্রিম গাছ ও ফুল কেনার ধুমে৷
বিশেষ করে ছোট পরিসরে কাপড়ের তৈরি ফুলের স্টলে ও দোকানে ভিড় নজর কাড়ার মতো৷
একটি স্টলে বেশ খানিকটা সময় নিয়ে ক্রেতার চাহিদা অনুযায়ী দোকানি আক্কাস আলী রং মিলিয়ে একগুচ্ছ ফুল তৈরি করে দিলেন৷ তিনি প্রথম অালোকে জানান, এসব ফুলের সরঞ্জাম নিয়ে অাসা হয় ভারত, পাকিস্তান ও নেপাল থেকে৷ আর দেশেই বাকি দ্রব্য দিয়ে একটা তোড়া, স্টিক ও ফুলদানি তৈরি করা হয়৷ বিভিন্ন দামের এ কৃত্রিম ফুল বিক্রি হচ্ছে৷ তবে ফুলদানি পাওয়া যাবে ২৫০ থেকে এক হাজার টাকায়৷
মেলায় আগত গৃহিণী ইসমত আরা বলেন, বসার ঘরের দেয়াল সাজাতে সবুজ লতা আর ফুলের সারি কিনলেন৷ যার দাম পড়েছে ৯৮০ টাকা৷ তিনি আরও বলেন, ঢাকা শহরে তো সবুজের দেখা নেই৷ অথচ সবুজ দেখলে মন ভালো থাকে৷ তাই মেলা থেকে এসব ফুল কিনেছেন তিনি৷
মেলায় প্লাস্টিকের স্টিকে রঙিন কাগজ ও কাপড়ের তৈরি গোলাপ, কসমস, সূর্যমুখীসহ নানা ধরনের ফুলের পসরা আছে৷ এ ছাড়া বড় বড় ফুলদানিতে নাম না জানা হরেক রকমের ফুল পাওয়া যাচ্ছে৷
এসব দোকানে নারীদের পাশাপাশি শৌখিন পুরুষদের দেখা যাচ্ছে৷ তেমন একজন নাসির উদ্দিন; পেশায় ব্যাংকার৷ তিনি বলেন, তাজা ফুল তো বেশি দিন বাঁচে না, তাই কাগজের তৈরি এ ফুল কিনছেন তিনি৷
রেশমা কালেকশন নামে ফুলের দোকানে ফুলের সারিতে ছোট ছোট পাখিও দেখা যায়৷ ক্রেতা আরিফা হোসেন কিনছেন এ ফুলের সারি৷ তিনি বলেন, ‘বাচ্চারা পাখি ও ফুল শহরে আলাদা করে দেখতে পায় না, তাই ঘরে সাজাতে এটা দারুণ হবে৷’ তিনি জানান, এ ফুল পরিষ্কার করাও সহজ৷ তিনি আরও জানান, মেলায় অনেক দাম রাখছেন বিক্রেতারা, বড় ফুলের সারির দাম পড়েছে এক হাজার ৩০০ টাকা৷
শুধু ঘর নয়, অফিস সাজাতেও এ ফুলের চাহিদা রয়েছে বলে জানালেন বিক্রেতা জামিল৷ তিনি বলেন, হোটেল, অফিস, চেম্বার বা হাসপাতালেও সুন্দর করে সাজাতে এসব ফুল বিক্রি হয়৷ তবে মেলায় দোকান বসাতে যে খরচ, তার জন্য লাভ করতে দাম বেশি রাখতে হচ্ছে৷
দোকানে কিছু মানুষ শুধু রঙিন ফুল দেখে চলে যাচ্ছেন৷ কেউ আবার সুন্দর করে সাজানো ফুলের পাশে দাঁড়িয়ে নিজের মুঠোফোনে ছবি তুলে রাখছেন৷ এমন একজন ফরিদ হোসেন৷ তিনি কুমিল্লা থেকে এসেছেন বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে৷ তিনি জানান, মেলায় এত সুন্দর ফুল তিনি আগে কখনো দেখেননি৷ তাই ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলে রাখছেন৷
কৃত্রিম ফুলের পাশাপাশি মেলায় তাজা ফুল ও ফুলগাছও কিছু কিছু বিক্রি হচ্ছে৷