মেলায় ফেরি বন্ধে পুলিশের অস্থায়ী হাজতখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দক্ষিণ-পূর্ব কোণের ভিআইপি ফটক দিয়ে ঢুকে একটু সামনে এগোলেই চোখে পড়ে ১৫ বাই ১৫ ফুট আয়তনের একটি অস্থায়ী হাজতখানা। এর দরজায় পাঁচটি গোলাকৃতির ছিদ্র। সামনে পুলিশি পাহারার মধ্যেই ওই ছিদ্র দিয়ে বাইরে কারও মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিল ১৫ বছরের শেখ আবদুল্লাহ। মেলা প্রাঙ্গণে ফেরি করে খেলনা বিক্রির ‘অপরাধে’ পুলিশ তাকে এখানে আটকে রেখেছে।
হাজতখানাটির সামনের অংশ বাদে বেড়া ও ছাদ টিনের। মেঝের ওপর ইট বিছানো। গতকাল শনিবার সন্ধ্যায় মেলায় গিয়ে হাজতখানাটিতে শেখ আবদুল্লাহর মতো আরও তিন কিশোরকে দেখা গেল। কথা বলে জানা যায়, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেলা প্রাঙ্গণে সে মানিব্যাগ, তোয়ালেসহ বিভিন্ন ধরনের পণ্য ফেরি করছিল। এ জন্য পুলিশ তাদের আটকে রেখেছে। তাদের পণ্যও জব্দ করেছে। রাত ১০টার পর তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানায় কর্তব্যরত পুলিশ।
হাজতখানাটির পাশের কক্ষটি ব্যবহৃত হচ্ছে পুলিশের মালখানা হিসেবে। এর বিপরীত পাশেই পুলিশের নিয়ন্ত্রণকক্ষ। হাজতখানার দরজার সামনে দায়িত্বরত পুলিশের একজন সদস্য জানালেন, চুরি ও প্রতারণা এবং অবৈধভাবে ফেরি করে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে প্রতিদিন গড়ে ১৫-২০ জনকে এ হাজতখানায় আটক রাখা হয়। পরে অপরাধের মাত্রা অনুসারে তাদের কিছুক্ষণ আটকে রেখে কিংবা জরিমানা করে মেলার বাইরে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন সেখানে হাজির হলো ১২ বছরের মোস্তফা। পুলিশ তার পান বিক্রির সরঞ্জামগুলো জব্দ করলেও তাকে হাজতে ঢোকায়নি। আর কখনো পান নিয়ে মেলায় ঢুকবে না—এ শর্ত মেনে সে তার জিনিসগুলো ফেরত চাইছিল।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে কিশোরের সংখ্যাই বেশি। তারা ফেরি করে মেলায় পণ্য বিক্রি করে। তবে স্টল থেকে পণ্য কিংবা মোবাইল চুরি অথবা পকেটমারের অভিযোগে যাঁরা আটক হন, তাঁদের বেশির ভাগের বয়স ২৫-৩০ বছরের মধ্যে।
জহুরুল ইসলাম আরও জানান, মেলার নিরাপত্তায় প্রতি পালায় তিন শতাধিক পুলিশের সদস্য দায়িত্ব পালন করছেন। মেলার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার ছাড়াও রয়েছে ১০৪টি সিসি ক্যামেরা।
এদিকে ছুটির দিন হওয়ায় গতকালও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্যণীয়। বিক্রেতারা বলেন, মেলার মাঝামাঝি সময়ে এসে বিক্রির পরিমাণ এখন মোটামুটি সন্তোষজনক। মেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই।