মেলায় বিকল্প বিদ্যুৎ-যন্ত্রের জন্য ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো বিকল্প বিদ্যুৎ উৎপাদনযন্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী ‘৩য় পাওয়ার বাংলাদেশ ২০১০’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ছিল প্রদর্শনীর শেষ দিন।শেষ দিনেও প্রদর্শনী প্রাঙ্গণে ছিল উল্লেখযোগ্যসংখ্যক দর্শনার্থীর ভিড়। তাঁদের বেশির ভাগই এসেছিলেন বিভিন্ন শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে। এক ছাদের নিচে অনেক প্রতিষ্ঠানের পণ্য যাচাই-বাছাই করে কেনার সুযোগ কাজে লাগাতেই তাঁদের এই প্রদর্শনীতে আসা। মেলা-প্রাঙ্গণে কথা হলো একটি তৈরি পোশাক কারখানার ব্যবস্থাপক আমিনুল হকের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘চলমান বিদ্যুৎসংকটে বেশ কিছুদিন ধরেই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে যে জেনারেটরটি রয়েছে, তা দিয়ে চাহিদা অনুযায়ী কাজ চালিয়ে নেওয়া যাচ্ছে না। এ জন্য আরও বেশি ক্ষমতাসম্পন্ন জেনারেটরের প্রয়োজন হয়ে পড়েছে। তাই মেলায় এসেছি জেনারেটর সম্পর্কে ধারণা নিতে। চাহিদা অনুযায়ী মিললে ক্রয় আদেশ দিয়ে যাব।’ আমিনুল হকের মতে, মেলায় একসঙ্গে অনেক কোম্পানির পণ্য প্রদর্শিত হয়। তাই যাচাই-বাছাই করে ভালো জিনিস কিনতে সুবিধা হয়। কারণ, মেলায় এমন অনেক প্রতিষ্ঠান অংশ নেয়, যার নাম আগে শোনা যায়নি। কিন্তু গুণে-মানে হয়তো সেরা জিনিসটি পাওয়া যাবে তাদের কাছ থেকে।মেলায় ১৫টি দেশের ৪০টি প্রতিষ্ঠান বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিত্যনতুন উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেছে। এমন একটি প্রতিষ্ঠান প্রাইস ক্লাব জেনারেল ট্রেডিং লিমিটেড। প্রতিষ্ঠানটি বিশ্বখ্যাত জেনপাওয়ার ব্র্যান্ডের জেনারেটর বাংলাদেশে বিপণন করছে। প্রতিষ্ঠানের পরিচালক আমিনুল হক বলেন, তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান জেনপাওয়ার বিশ্বের অন্যতম বড় জেনারেটর উৎপাদনকারী প্রতিষ্ঠান। গুণে ও দামে এটি অন্য অনেকের চেয়ে এগিয়ে রয়েছে। আমিনুল হক বলেন, ‘আমাদের বিশেষত্ব হলো, আমরা সব সময় ৫০০ থেকে এক হাজারের মতো বিভিন্ন ক্ষমতার জেনারেটর মুজদ রাখি, যাতে গ্রাহক চাওয়া মাত্র সরবরাহ দেওয়া সম্ভব হয়।’ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘বিদ্যুৎ এমন একটা জিনিস, যা এক ঘণ্টা না থাকলেই উৎপাদন ব্যাহত হয়। তাই গ্রাহকদের উৎপাদন কার্যক্রম সচল রাখতে আমরা তাৎক্ষণিক সরবরাহের ব্যবস্থা রেখেছি। রাজধানীর কুড়িল, কোনাবাড়ী ও খুলনায় নিজস্ব ওয়্যার হাউসে সব সময়ের জন্য মজুদ থাকে আমাদের পণ্য।’আমিনুল হক জানান, গুণগত মান, তুলনামূলক কম দাম ও তাৎক্ষণিক সরবরাহ—এই তিনটি সেবার কারণে মাত্র ছয় মাসের মধ্যে তাঁদের জেনারেটর ব্যাপকভাবে ক্রেতা আকর্ষণে সমর্থ হয়েছে। এ ছাড়া বিক্রয়োত্তর সেবায়ও তাঁরা অন্য কোম্পানির চেয়ে এগিয়ে রয়েছেন বলে দাবি করেন তিনি। জেনারেটরের জগতে আরেকটি পরিচিত ব্র্যান্ড বাংলা ক্যাট। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্যাটারপিলারের উৎপাদিত পণ্য দেশি ব্র্যান্ডে (বাংলা ক্যাট) বাংলাদেশে বাজারজাত করছে বাংলা ট্র্যাক লিমিটেড। মেলায় কথা হয় প্রতিষ্ঠানের বিপণন নির্বাহী ওবায়দুল কাদিরের সঙ্গে। তিনি জানান, প্রায় ছয় বছর ধরে তাঁদের কোম্পানি গ্যাস, ডিজেল ও ফার্নেস অয়েলচালিত জেনারেটরসহ অন্যান্য ভারী যন্ত্রপাতি বাজারজাত করে আসছে। তাঁদের পণ্য সামিট, হোসাফ, দেশ এনার্জিসহ বড় বড় প্রতিষ্ঠানে ব্যবহূত হচ্ছে। এ পর্যন্ত তাঁদের পণ্য দুই হাজার ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিকল্প বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রেখেছে।ওবায়দুল কাদির জানান, বাংলা ক্যাট ব্র্যান্ডের ১১ কিলোওয়াট থেকে সর্বোচ্চ চার হাজার ৯০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন গ্যাসচালিত জেনারেটর এবং ১২ কিলোওয়াট থেকে ১০ হাজার ৪৭৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ডিজেলচালিত জেনারেটর রয়েছে। প্রতিটি জেনারেটরের ক্ষেত্রেই তাঁরা এক বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকেন। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী খুচরা যন্ত্রাংশও তাঁরা সরবরাহ করেন।এ ছাড়া মেলায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী রহিমআফরোজের অঙ্গপ্রতিষ্ঠান রহিমআফরোজ এনার্জি সার্ভিসেস লিমিটেড জাপানের মিতসুবিশি ও ইতালির প্রামপ্যাক ব্র্যান্ডের জেনারেটর প্রদর্শন করেছে। এর বাইরে প্রতিষ্ঠানটির নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনসামগ্রী দর্শনার্থীদের নজর কাড়তে সমর্থ হয়।অ্যালাইড সোলার এনার্জি লিমিটেড মেলায় বিভিন্ন ধরনের এলইডি-সামগ্রীর পাশাপাশি সৌরবিদ্যুৎচালিত বিভিন্ন পণ্য প্রদর্শন করেছে। এগুলোর মধ্যে ছিল সোলার মডিউল, লাইটিং সিস্টেম, ডিপ টিউবওয়েল, বিটিএস সলিউশন, ওয়াটার হিটার, স্ট্রিট লাইটিং, কাস্টমাইজড সিস্টেম ও এয়ারকন্ডিশনিং। নবায়নযোগ্য সৌরবিদ্যুতে পরিচালিত এসব পণ্য দর্শনার্থীদের ব্যাপকভাবে আকর্ষণ করে। মেলায় অংশগ্রহণকারী অন্য প্রতিষ্ঠানগুলো হলো: এএসকেএ পাওয়ার জেনারেশন (চ্যাংঝাও) কোম্পানি লিমিটেড, আরটেক ডাই ইলেকট্রিক কোম্পানি, আশিডা ইলেকট্রনিকস, বিআরবি কেব্লস ইন্ডাস্ট্রিজ, ব্রোনকো (ঝেজাং) ইলেকট্রিক মেশিনারি ম্যানুফ্যাকচারিং, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ডিজেল পাওয়ার সার্ভিসেস, এনার্জি অ্যান্ড পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ফোরবেস মার্শাল, ফুজান ট্যাং পাওয়ার, গ্যালাক্সি ইলেকট্রিক পাওয়ার, ওরিয়েন্ট এনার্জি সিস্টেম, গাল্ফ এনার্জি, ইমাম গ্রুপ, জ্যাকসন ইন্টারন্যাশনাল, জেভিসি ইলেকট্রনিকস, লুব হাউস ইন্ডাস্ট্রিজ, মহিন্দ্র অ্যান্ড মহিন্দ্র, মেটাল প্লাস, ন্যাশনাল ইলেকট্রিক কয়েল, নিউ লাইন মেশিন ইলেকট্রিক ইকুইপমেন্ট, ওমেগা টেকনোলজিস, ওরিয়েন্ট কম্পিউটারস, পাওয়ার লাইন প্রডাক্টস কোম্পানি, পাওয়ার প্লাস, পাওয়ার প্রো, আরএস ইন্টারন্যাশনাল, আরএ ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, শেং ই ইলেকট্রিক্যাল, এসএমএইচ ইঞ্জিনিয়ারিং, সুপ্রিম অ্যান্ড কোম্পানি, থ্রি সিক্সটি পাওয়ার প্রোডাক্টস, ইউনাইটেড এনার্জিটেক, জেনারেটিং ইকুইপমেন্ট প্রভৃতি। সেমস (কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস) এই প্রদর্শনীর আয়োজন করে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে গত বৃহস্পতিবার প্রদর্শনীটির উদ্বোধন করেন। প্রদর্শনীটি সাধারণ ও ব্যবসায়ী দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছিল। তবে তাঁদের প্রদর্শনীস্থলে নিবন্ধন করে ঢুকতে হয়েছে। এই প্রদর্শনীর কো-স্পন্সর ছিল বাংলা ট্র্যাক (বাংলা ক্যাট), রহিমআফরোজ এনার্জি সার্ভিসেস, রহিমআফরোজ রি-নিউয়েবল এনার্জি ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। এ ছাড়া ইনস্যুরেন্স পার্টনার হিসেবে ছিল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।