মেসিডোনিয়ার সঙ্গে পিটিএ করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিডোনিয়ার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করবে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশগুলোর মধ্যে মেসিডোনিয়াই প্রথম ইউরোপীয় দেশ, যার সঙ্গে বাংলাদেশ পিটিএ করতে যাচ্ছে।
এ ব্যাপারে মেসিডোনিয়াই দেড় বছর আগে প্রথম আগ্রহ দেখিয়েছিল।
প্রসঙ্গত, দেশটির সঙ্গে এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) না পিটিএ করা হবে, তা নিয়ে এত দিন সিদ্ধান্তহীনতায় ছিল বাংলাদেশ।
বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে গতকালের বৈঠকে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএফটিআই, ট্যারিফ কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেসিডোনিয়ার নয়াদিল্লি দূতাবাস বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আগ্রহের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠালে পররাষ্ট্র মন্ত্রণালয় ২০১২ সালের আগস্টে তা বাণিজ্য মন্ত্রণালয়কে জানায়। এরপর বিষয়টি নিয়ে সম্ভাব্যতা যাচাই করে ট্যারিফ কমিশন।
২০১২ সালে বাংলাদেশ ২৯ কোটি ৫০ লাখ টাকার পণ্য মেসিডোনিয়ায় রপ্তানি করে। একই বছর দেশটি থেকে আমদানি করে মাত্র ৫০ লাখ টাকার পণ্য।
জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শিগগিরই মেসিডোনিয়াকে আমাদের এই সিদ্ধান্তের কথা জানাব।’