মেহেরপুরে স্থলবন্দর নিয়ে ১৮ বছর চিঠি চালাচালি
সরকারের বিভিন্ন বিভাগের চিঠি চালাচালির মধ্যে ১৮ বছর ধরে আটকে আছে মেহেরপুর স্থলবন্দর স্থাপনের কাজ। তাই দাবি আদায়ে রাস্তায় নেমেছে মেহেরপুরের বিভিন্ন দল, সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ।
আজ বুধবার মেহেরপুর শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে গণ-অনশন কর্মসূচি পালন করা হবে। এর আগে ১২ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। তারও আগে ২৯ মার্চ মেহেরপুর শহরে চার কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়।
সম্প্রতি মেহেরপুর শহর ঘুরে দেখা গেছে স্থলবন্দর নির্মাণের দাবিতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের একাধিক পোস্টার ও ব্যানার।
জানা গেছে, ১৯৯৬ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্ভাব্যতা যাচাই শেষে মেহেরপুরের বুড়িপোতায় স্থলবন্দর স্থাপনের সিদ্ধান্ত নেয়। পরে তা প্রজ্ঞাপন আকারে ২৮ জুলাই গেজেট প্রকাশ করা হয়।
এরপর ২০০১ সালে তৎকালীন খুলনা বিভাগীয় কমিশনার হেমায়েত উদ্দিন তালুকদার মেহেরপুরের বুড়িপোতায় স্থলবন্দর স্থাপনের যৌক্তিকতা তুলে ধরে ওই বছরের ১০ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে একটি পত্র পাঠান। এরপর এনবিআর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক চিঠি চালাচালি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে এসে স্থলবন্দর নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরের বছর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মফিদুল ইসলাম মুজিবনগর ও বুড়িপোতা সীমান্ত এলাকা ঘুরে যান। তিনি এলাকা পরিদর্শন ও স্থলবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করে স্থলবন্দর স্থাপনের পক্ষে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেন। প্রতিবেদনটি প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) বৈঠকে অনুমোদন পায়।
জেলা শিল্প ও বণিক সমিতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল এবং মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ জানান, সীমান্তের ১০০ গজ দূরেই ভারতের মহাসড়ক। আবার উভয় দেশের সীমান্ত অবস্থান ও যোগাযোগ ভালো থাকায় স্থলবন্দর স্থাপনে কোনো সরকারকেই অবকাঠামো উন্নয়নে খুব বেশি অর্থ ব্যয় করা লাগবে না।