মোকসেদার ভাগ্য বদলে দিল হস্তশিল্প
ঠাকুরগাঁওয়ের মোকসেদা বেগমের বিয়ে হয়েছিল মাত্র ১৪ বছর বয়সে। এক ছেলে ও এক মেয়ে রেখে কয়েক বছর পরই তাঁর স্বামী মারা যান। সংসারের হাল ধরতে ৫০ হাজার টাকার পুঁজি দিয়ে ২০০০ সালে শুরু করেন ‘অনন্যা হস্তশিল্প’ নামের একটি হস্তশিল্প কারখানা। তাঁর অধীনে এখন কাজ করছেন ৩০০ নারী শ্রমিক। বছরে তাঁর আয় ১৫ লাখ টাকা।
নারী উদ্যোক্তাদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনিউরস বাংলাদেশ (এজিডব্লিউইবি) শ্রেষ্ঠ তৃণমূল উদ্যোক্তা হিসেবে মোকসেদাকে পুরস্কৃত করেছে। চ্যাম্পিয়ন হিসেবে তিনি পেয়েছেন তিন লাখ টাকা। সঙ্গে সনদ ও ক্রেস্ট।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত মোকসেদা বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন যেন গ্রামের আরও ৩০০ মহিলাকে কাজ দিতে পারি।’ মোকসেদার মতো তৃণমূল পর্যায় থেকে উঠে আসা তিন নারী উদ্যোক্তাকে প্রথমবারের মতো পুরস্কৃত করল এজিডব্লিউইবি। গতকাল মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয় যশোরের কোহিনূর আক্তারকেও। ব্যবসার পুঁজি হারিয়ে তাঁর স্বামী জাকির হোসেন মাদকাসক্ত হয়ে পড়লে সংসারের হাল ধরেন তিনি। মায়ের কাছে শেখা সেলাই আর ৫০ হাজার টাকার পুঁজি নিয়ে ২০০০ সালে গড়ে তোলেন ‘কোহিনূর হস্তশিল্প’। আজ তাঁর বার্ষিক আয় পাঁচ লাখ টাকা। চুক্তির ভিত্তিতে কাজ করেন ৩০০ শ্রমিক, যাঁদের ৯৯ শতাংশই নারী। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন দুই লাখ টাকা। কোহিনূর বললেন, ‘গ্রামের মহিলারা কাজ জানে, কিন্তু সামাজিক ও পারিবারিক বাধার কারণে অনেকে কাজ করতে পারে না।’
মাত্র ২৫০ টাকা দিয়ে চারটি ফতুয়া বানিয়ে ২০০২ সালে ব্যবসা শুরু করেছিলেন দিনাজপুরের শাহনাজ বেগম রোজী। এখন তাঁর ব্যবসার মোট বিনিয়োগই ৩৫ লাখ টাকা। আছে একটি বুটিক হাউস, কাপড় তৈরির কারখানা এবং একটি বিউটি পারলার। নিয়মিত ১২ জন কর্মচারীর পাশাপাশি চুক্তির ভিত্তিতে আরও ২০ জন কাজ করেন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ টাকা। শাহনাজ বেগম জানালেন, আগামী পাঁচ বছরে অন্তত পাঁচটি জেলায় তিনি ব্যবসা সম্প্রসারণ করতে চান।
আয়োজকেরা জানান, সৃজনশীলতা, কর্মসংস্থান তৈরিতে ভূমিকা, সমাজে উদ্যোগটির প্রভাব, অন্যদের উৎসাহিত করার প্রক্রিয়া এবং অন্যদের শেখানোয় ভূমিকা—এই পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে তাঁরা বিজয়ীদের নির্বাচিত করেছেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ‘প্রান্ত নারী’ নামের একটি আর্থিক সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার জানান, তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্যই এই সেবাটি চালু হয়েছে। মোবাইল সেবার মাধ্যমেও ১০ শতাংশ সুদে এখান থেকে ঋণ নিতে পারবেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘নারীরা একই উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। এতে আপনাদের উদ্যোগের মূল্যায়ন কমে যেতে পারে। ব্যবসায় ভিন্নতা এনে নতুন নতুন পণ্য তৈরির ওপর জোর দিতে হবে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান পণ্য রপ্তানিকারক নারী উদ্যোক্তাদের মাত্র ২ শতাংশ সুদে বিশেষ ঋণ দেওয়ার ঘোষণা দেন।
এজিডব্লিউইবির সভাপতি মৌসুমী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।