মোটরগাড়ি শিল্প গড়তে পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে দেশে মোটরগাড়ি তৈরি শিল্প গড়ে উঠবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ইন্দো-বাংলা অটোমোটিভ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আবদুল মাতলুব আহমাদ বলেন, ভারত সরকারের নীতির কারণে দেশটিতে আজ বিশাল অটোমোবাইল শিল্প গড়ে উঠেছে। কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে সেটি করা সম্ভব হয়নি, কারণ নীতিমালা দেশীয় মোটরগাড়ি শিল্পবান্ধব ছিল না। সরকারের নীতিমালা ও দৃষ্টিভঙ্গির এখানে পরিবর্তন আনতে হবে। যে প্রদর্শনী আয়োজিত হতে যাচ্ছে, সেটি ভারত ও বাংলাদেশের গাড়ি নির্মাতাদের যৌথভাবে কাজ করার জন্য ভালো সুযোগ তৈরি করে দেবে।
ভারতের মোটরযান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের (সিয়াম) আয়োজনে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশেন সিটিতে আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ভারতের টাটা, অশোক লেল্যান্ড, বাজাজ, আইশার, হিরো, মাহিন্দ্রা, মারুতি সুজুকি, টিভিএসসহ বাংলাদেশে তাদের পরিবেশক প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। প্রদর্শনীর বিভিন্ন দিক সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিয়ামের উপমহাপরিচালক সুগত সেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রদর্শনীতে সিয়ামের সদস্য প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে আধুনিক মডেলের মোটরগাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাকসহ সব ধরনের মোটরযান প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে ঢাকার ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি সেটেন নর্ডন কারগিল, বিএএএমএর সভাপতি হাফিজুর রহমান খান, বিএমএএমএর সভাপতি মতিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।