মোটরসাইকেল ও বাইসাইকেলে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল (ঘ​িড়র কাঁটার দিকে) আরএফএল, আফতাব অটোমোবাইলস, ম্যাক্স মোটরস ও যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের স্টলে ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল (ঘ​িড়র কাঁটার দিকে) আরএফএল, আফতাব অটোমোবাইলস, ম্যাক্স মোটরস ও যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের স্টলে ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারের ঘোরাঘুরিকে স্মরণীয় করেই রাখলেন মেঘনা লাইফ ইনস্যুরেন্সের কর্মকর্তা মো. মসিউদ্দৌলা। ‘সাইকেল, সাইকেল’ করে বছরজুড়ে বাবাকে পাগল বানিয়ে ফেলেছিল তাঁর ছেলে সামুন হায়দার আয়ান। ছেলের পরীক্ষা শেষ, নতুন ক্লাস শুরু। এক ফাঁকে তাই এবার ছেলের বায়না মেটানোর পালা। প্রাণ-আরএফএলের স্টলে সহাস্যে জানালেন, গতকাল বৃহস্পতিবার ‘দুরন্ত ছেলের জন্য দুরন্ত বাইসাইকেল’ কিনেছেন।
এবারে আরএফএল নিয়ে এসেছে ‘দুরন্ত’ ব্র্যান্ডের ২৪ ধরনের বাইসাইকেল। মেলায় আরএফএল স্টলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল প্রথম আলোকে বলেন, ৪ হাজার ৭০০ থেকে ৩৫ হাজার টাকা দামের বাইসাইকেল আছে তাঁদের। মেলায় বিক্রি হচ্ছে ১০ শতাংশ ছাড়ে।
আরএফএলের স্টলে আছে ইলেকট্রিক বাইক, যা চলে ব্যাটারিতে। কেউ চাইলে ব্যাটারি ছাড়াও চালাতে পারেন। তবে দুটি সুযোগই বাইকটিতে দেওয়া রয়েছে। আর দেখতে বেশ চকচকে এমন আট ধরনের সাইকেল বিশেষভাবে প্রদর্শিত হতে দেখা যায় স্টলটিতে। দাম জানতে চাইলে জনাব কামাল বলেন, এগুলো বিক্রির জন্য নয়। ‘এক্সসিএম’ ব্র্যান্ডের এই সাইকেলগুলো কেবল বিদেশে রপ্তানির জন্যই তৈরি করা হয়েছে।
মেলায় নাভানা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলসের প্যাভিলিয়নের নাম ‘মাহিন্দ্রা টু হুইলারস’। মেলায় তারা এনেছে মাহিন্দ্রা ব্র্যান্ডের দুটি নতুন মোটরসাইকেল—‘মাহিন্দ্রা সেন্টুরো ডিস্ক ব্র্যাক’ ও ‘মাহিন্দ্রা সেন্টুরো এনএক্সটি’। এর মধ্যে সেন্টুরো ডিস্ক ব্র্যাকের দাম ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা, তবে মেলায় ৭ হাজার ৫০০ টাকা কম। আর সেন্টুরো এনএক্সটির দাম ১ লাখ ৪২ হাজার টাকা হলেও মেলায় বিক্রি হচ্ছে ১ লাখ ৩৮ হাজার টাকায়।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের ঢাকা অঞ্চলের ব্যবস্থাপক মাসুদুর রহমান বলেন, মোটরসাইকেল দুটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, চাবির সঙ্গে ইঞ্জিনের বাইনারি কোড না মিললে এগুলো স্টার্টই হবে না।
এ ছাড়া মেলায় ‘মাহিন্দ্রা এআরআরও’ ব্র্যান্ডের মোটরসাইকেলের দাম ১ লাখ ১৮ হাজার ৫০০ টাকার বদলে রাখা হচ্ছে ১ লাখ ১১ হাজার টাকা। আর ‘জিইউএসটিও ব্র্যাক ফ্রি’ ব্র্যান্ডের দাম ১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকার বদলে ১ লাখ ৪০ হাজার টাকা নেওয়া হচ্ছে।
যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস মেলায় এনেছে পাঁচ ধরনের মোটরসাইকেল। এগুলোর নাম ‘জিউস ১৫০’, ‘ইভো ১৫০ আর’, ‘ফেবিও ১২৫’, ‘ভিক্টোরি ১০০’ ও ‘ভিক্টোরি ৮০’। এগুলোর দাম ৭৫ হাজার থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত। তবে ব্র্যান্ডভেদে শুধু মেলা চলাকালে সবগুলোতেই ৫ থেকে ১০ শতাংশ ছাড় রয়েছে।
প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্র্যান্ড কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, ‘আমাদের মোটরসাইকেলের প্রতি তরুণেরা বেশি আগ্রহ দেখাচ্ছে। গতবার মেলাতেই ২৫টি মোটরসাইকেল বিক্রি করেছিলাম। এবার তা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’
ম্যাক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ম্যাক্স মোটরস মেলায় এনেছে তিনটি মোটরসাইকেল। এর মধ্যে ‘মটোর্যাক এমথ্রি’ ব্র্যান্ডের মোটরসাইকেলের দাম ১ লাখ ৮৫ হাজার টাকা হলেও মেলায় ১০ হাজার টাকা কম। আর ১ লাখ ৫ হাজার টাকা দামের ‘মটোর্যাক এমটু’ ব্র্যান্ডের মোটরসাইকেল মেলায় বিক্রি হচ্ছে ১ লাখ টাকায়।
এ ছাড়া রয়েছে ইতালির তৈরি ‘ইটালজেট মটো’ ব্র্যান্ডের মোটরসাইকেল, দাম ১ লাখ ৪৭ হাজার টাকা। মেলায় ১০ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে বলে জানান কোম্পানির বিপণন কর্মকর্তা নাজমুস সাকিব।