
দেশে একটি মোটরসাইকেলের নিবন্ধন খরচ একটি মোটরগাড়ির নিবন্ধন খরচের প্রায় সমান। একে ‘বৈষম্যমূলক’ বলে মন্তব্য করেছেন দেশের অটোমোবাইল খাতের ব্যবসায়ীরা। তাঁরা মোটরসাইকেলের নিবন্ধন খরচ কমানোর দাবি জানিয়েছেন।
‘দশম ঢাকা মোটর শো ২০১৫’ শীর্ষক এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি জানান ব্যবসায়ীরা। রাজধানীর জোয়ার সাহারা এলাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে গতকাল বৃহস্পতিবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মোটর গাড়ির এই প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল।
অনুষ্ঠানের অতিথি নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, এক লাখ থেকে দুই লাখ টাকায় কেনা একটি মোটরসাইকেল নিবন্ধন করতে খরচ পড়ে ২০ হাজার টাকা। আবার ১০ লাখ টাকার বেশি দামের একটি মোটরগাড়ির নিবন্ধন খরচ ২৫ হাজার টাকা। খরচ বেশি হওয়ায় গ্রাহকদের মধ্যে মোটরসাইকেলের নিবন্ধন করাতে অনীহা দেখা যায়। পাশের দেশ ভারতে মাত্র আট হাজার রুপি খরচ করে আজীবনের জন্য মোটরসাইকেলের নিবন্ধন পাওয়া যায়। তবে দেশে নিবন্ধন দেওয়া হয় ১০ বছরের জন্য। তিনি বলেন, মোটরসাইকেলের নিবন্ধন খরচ কমানো দরকার।
মাতলুব আহমাদের বক্তব্যকে সমর্থন করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদও। তিনি বলেন, ‘সম্প্রতি গোপালগঞ্জ জেলা সফরে গিয়ে এক জায়গায় একসঙ্গে প্রায় ৫০টি মোটরসাইকেল আমার চোখে পড়ে। এসব মোটরসাইকেলের বেশির ভাগেরই কোনো নিবন্ধন নেই। মোটরসাইকেলের নিবন্ধন খরচ পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত করা উচিত।’
এই দুই ব্যবসায়ী নেতার দাবির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, ‘দেশের বেশির ভাগ মোটরসাইকেলের কোনো নিবন্ধনই নেই। যেখানে নিবন্ধনই হয় না, সেখানে কীভাবে আমি খরচ কমাব? আগে তো মানুষকে মোটরসাইকেলের নিবন্ধন করতে হবে।’
ঢাকাসহ সারা দেশে যানজট পরিস্থিতির কথা বিবেচনায় রেখে সেতুমন্ত্রী ছোট গাড়ির পরিবর্তে বড় আকারের মোটরগাড়ির ব্যবহার বাড়াতে ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের আরেক অতিথি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ দেশের অটোমোবাইল শিল্পের আমদানিনির্ভরতার জন্য সঠিক নীতিমালার অভাবকে দায়ী করেন। তিনি বলেন, ‘সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে পারলে এ খাতে কর্মসংস্থান সৃষ্টির বড় সম্ভাবনা আছে।’
আয়োজকেরা জানান, এবারের প্রদর্শনীতে ১৪টি দেশের শতাধিক স্টল রয়েছে। মোটরগাড়ির প্রদর্শনীর পাশাপাশি এখানে একই সঙ্গে চলছে ‘ঢাকা বাইক শো’ শীর্ষক মোটরসাইকেলের প্রদর্শনী। এ ছাড়া তিনটি আলাদা হলে ক্রেতাদের জন্য থাকছে লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ অটোমোবাইল-সংক্রান্ত বিভিন্ন পণ্যের প্রদর্শনী।
এই প্রদর্শনী কাল শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকছে। নিটল-নিলয় গ্রুপ প্রদর্শনীটির প্রধান পৃষ্ঠপোষক।