মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাজেটে সিকেডি মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানিতে সম্পূরক শুল্ক ১৫ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা প্রত্যাহার চেয়েছে বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিমামা)।
সংগঠনটি সিকেডি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ নির্ধারণের এ দাবি জানায়। একই সঙ্গে তারা রংবিহীন যন্ত্রপাতি আমদানির বাধ্যবাধকতাও তুলে দেওয়ার দাবি জানিয়েছে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিমামা এসব দাবি জানায়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সিকেডি মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানিতে সম্পূরক শুল্কহার ৩০ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার প্রস্তাব দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মতিউর রহমান। এতে হোন্ডা, টিভিএস, হিরো, বাজাজসহ ১০টি আমদানিকারক ও সংযোজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিকেডি মোটরসাইকেলের মূল যন্ত্রাংশগুলো আলাদাভাবে বিদেশ থেকে আমদানি হয়। এরপর দেশে ওই যন্ত্রাংশগুলো জোড়া দিয়ে পূর্ণাঙ্গ মোটরসাইকেল তৈরি করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, যন্ত্রাংশ আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানো হলে সংযোজন করা প্রতিটি মোটরসাইকেলের দাম গড়ে ১৫-২০ হাজার টাকা বাড়বে। এর ফলে দেশের বেশ কয়েকটি মোটরসাইকেল সংযোজন শিল্প বন্ধ হয়ে যাবে।
মতিউর রহমান বলেন, শুল্ক বৃদ্ধির কারণে মোটরসাইেকলের দাম বাড়লে এর চাপ গিয়ে পড়বে ক্রেতাদের ওপর। মোটরসাইেকল কোনো পণ্য বিলাসী পণ্য নয়, এটি নিম্ন ও মধ্য আয়ের জনগণের জন্য একটি প্রয়োজনীয় বাহন। গ্রামে–গঞ্জে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের মাধ্যমে অনেক বেকার যুবক জীবিকা নির্বাহ করে থাকেন।
বিমামা যন্ত্রাংশ আমদানি করে দেশে রং করার বিরোধিতা করেছে। সংগঠনটি বলছে, মোটরসাইকেল তৈরি বা সংযোজনের সর্বশেষ ধাপ হলো রং করা। একটি রং করার কারখানা স্থাপনে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি নতুন গ্যাস ও বিদ্যুৎ-সংযোগের দরকার হবে।
সম্পূরক শুল্ক বেড়ে যাওয়ায় গত পাঁচ বছরে দেশে মোটরসাইকেলের বিক্রি প্রায় ৮০ হাজার ইউনিট কমেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।