মোবাইল ব্যাংকিং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়েই বাড়ছে মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেনের ব্যবহার। ২০১১ সাল থেকে ২০১৪ সালে বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার অন্যতম কারণ হিসেবে মোবাইল ব্যাংকিংয়ের ভূমিকার প্রশংসা করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) বলছে, বিশ্বে মুঠোফোনের ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে এর মাধ্যমে আর্থিক লেনদেনের পরিমাণ। মুঠোফোনের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে আফ্রিকার দেশ কেনিয়ার উত্থান বিস্ময়কর। দেশটিতে মোট প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে মুঠোফোন হিসাবের সংখ্যা বেশি। মুঠোফোনের মাধ্যমে ২০১৩ সালে কেনিয়াতে মোট আর্থিক লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৪০০ কোটি ডলার যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপির) ৫৫ শতাংশ। মূলত মোবাইল ব্যাংকিংয়ের উত্থানের কারণেই দেশটিতে আর্থিক সেবা বঞ্চিত মানুষের সংখ্যা মাত্র দশমিক শূন্য ৩ শতাংশে নেমে এসেছে।
মুঠোফোন ব্যবহার করে আর্থিক লেনদেনে পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করার জন্য সারা দেশে নিবন্ধিত গ্রাহক আছেন ২ কোটি ৮৬ লাখ। জুন পর্যন্ত সক্রিয় মোবাইল ব্যাংকিং হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২২ লাখ। ২০১১ সাল থেকে এ পর্যন্ত ২৮টি ব্যাংককে এ ধরনের সেবা দেওয়ার লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন লেনদেন হচ্ছে ৪৩২ কোটি টাকা।
বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের জন্য নিবন্ধিত গ্রাহকদের একটা বড় অংশই নিজের হিসাব ব্যবহার করেন না। কিন্তু মোবাইল ব্যাংকিং নীতিমালা অনুসারে টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে ব্যক্তিগত হিসাব ব্যবহারের বাধ্যবাধকতা আছে।
মোবাইল ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এ-সংক্রান্ত নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে।