মোবাইল সেবার মান পর্যবেক্ষণে নতুন উদ্যোগ
দেশের মোবাইল অপারেটররা গ্রাহকদের সঠিক সেবা দিচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণে একটি নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গঠন করা হয়েছে ‘টেলিকমিউনিকেশন সার্ভিস অ্যান্ড ট্যারিফ মনিটরিং টিম (টিএসটিএমটি)’।
বিশেষ পর্যবেক্ষণের জন্য গঠিত এ দলের কার্যক্রম শুরুর নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, মোবাইলসংক্রান্ত বিভিন্ন সেবার জন্য অনুমোদন নিয়ে অপারেটররা প্রতিশ্রুত সেবা দিচ্ছে কি না, সেটা বিশেষভাবে পর্যবেক্ষণ করবে টিএসটিএমটি। একইভাবে বিভিন্ন সেবা দেওয়ার জন্য যে মাশুল আদায়ের অনুমোদন নেওয়া হয়, সেভাবেই মাশুল নেওয়া হচ্ছে কি না, সেটির ওপরও নজর রাখবে দলটি। সেবার মান নিয়ে গ্রাহকদের যাতে কোনো অভিযোগ না থাকে, তা করতেই উদ্যোগটি নেওয়া হয়েছে। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস (এসএস) বিভাগ এ কার্যক্রম পরিচালনা করবে।
সারা দেশে মোবাইল সেবার মান কোন পর্যায়ে রয়েছে, তা সরেজমিনে জানতে ইতিমধ্যে দেশব্যাপী গ্রাহক জরিপ শুরু করেছে বিটিআরসি। তিনটি কমিটির মাধ্যমে গত আগস্ট থেকে দেশের ১৫টি জেলা শহরের ৪৫টি উপজেলায় সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) ও গ্রাহক অভিজ্ঞতার তথ্য সংগ্রহের কাজ চলছে।
গ্রাহক সেবার মান নিশ্চিত করতে ২০১৪ সালের জানুয়ারিতে মোবাইল অপারেটরদের জন্য একটি নির্দেশনা জারি করে। এ নির্দেশনায় প্রতি মাসের প্রথম সপ্তাহে মোবাইল অপারেটরদের সেবার মান–সম্পর্কিত একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা আছে।