মোহাম্মদপুরে মীনা বাজারকে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে মোহাম্মদপুরে ‘মীনা বাজার’ সুপার সপকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপার সপটিতে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসক ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা জেলা প্রশাসক তানিয়া সুলতানা, এপিবিএনের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান ও বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা খাইরুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। অভিযানে মীনা বাজারে বিএসটিআইয়ের অনুমোদনহীন মধু, আফটার সেভ লোশন, লুড্ল্স, ফলের রস ও সাবান বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠনাটির ব্যবস্থাপক জাহিদুল ইসলাম অপরাধ¯স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া এই দল মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার ‘অন্তর পিউর ড্রিংকিং ওয়াটার’ নামের এক পানির কারখানায় বিএসটিআইয়ের অনুমোদনহীন নিম্নমানের পানি বাজারজাতের অপরাধে এর ব্যবস্থাপক দেলোয়ারকে ৩০ হাজার টাকা জরিমানা করে। অন্যদিকে চাঁদ উদ্যানে বেড়িবাঁধ এলাকায় ‘নোয়াখালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’ ও ‘গনিশাহ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে নোংরা পরিবেশে পচা ডিম দিয়ে রুটি, কেক, বিস্কুট ইত্যাদি তৈরি করায় প্রায় ৩০ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়।