মৌসুমি ব্যবসায়ীদের লোকসানের শঙ্কা
বেশি দামে কাঁচা চামড়া সংগ্রহ করার কারণে অনেক মৌসুমি ব্যবসায়ীর লোকসানে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। লবণযুক্ত চামড়ার (গরু) নির্ধারিত মূল্য চট্টগ্রামে ৪০ টাকা হলেও কাঁচা চামড়া সংগ্রহের সময় অনেকের বর্গফুটপ্রতি খরচ ৩০ থেকে ৩৫ টাকা পড়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি চামড়া ব্যবসায়ীদের তিন সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দর নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।
একটি বড় গরুর ক্ষেত্রে ২৫ থেকে ৩৫ বর্গফুট পর্যন্ত চামড়া হয় বলে চামড়ার আড়তদারেরা জানান। মঙ্গলবার কোরবানির পর মৌসুমি ব্যবসায়ীরা গড়ে বড় চামড়া কিনেছেন ১ হাজার থেকে এক হাজার ২০০ টাকায়। এর ফলে যদি একটি চামড়া ৩০ বর্গফুট হয়, সে ক্ষেত্রে কাঁচা চামড়ার দাম পড়বে বর্গফুটপ্রতি ৪০ টাকার কাছাকাছি। এরপর লবণ ও মজুরি মিলিয়ে প্রতিটি চামড়ার ক্ষেত্রে আরও ৭-৮ টাকা খরচ রয়েছে বলে আড়তদারেরা জানান।
জানতে চাইলে চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আহমদ বলেন, ‘আমরা ২৬ থেকে ২৮ টাকা দামের বেশিতে কাঁচা চামড়া কিনতে পারব না। কারণ এরপর আমাদের আরও ৭-৮ টাকা লবণ এবং মজুরিতে যাবে। তাই তাঁরা (মৌসুমি ব্যবসায়ী) যদি বেশি দামে চামড়া সংগ্রহ করেন, নিজেরা ঠকবেন।’
মঙ্গলবার দুপুরে নগরের কর্নেল হাট এবং চৌমুহনী এলাকায় দেখা গেছে, চামড়ার বিকিকিনি চলছে। বিভিন্ন বাসাবাড়ি থেকে চামড়া সংগ্রহ করে এনে এই দুই স্থানে মজুত করা হচ্ছে। সবাই অপেক্ষা করছেন পাইকার কিংবা আড়তদারদের জন্য।
চৌমুহনীতে মো. মহসিন নামের এক মৌসুমি চামড়া ব্যবসায়ী বলেন, ‘এবার আমার ছোট-বড় চামড়া সংগ্রহ করতে গড়ে ৯০০ টাকা করে খরচ পড়েছে। আমার কাছে যে বড় চামড়া রয়েছে, সেগুলো ২৫ বর্গফুট পর্যন্ত হবে। এখন যদি আড়তদার কিংবা পাইকারি ব্যবসায়ীরা ৩০ টাকা ফুট দেয়, তাহলে লোকসানে পড়ব।’
মহসিন বেলা ২টা পর্যন্ত ২৬টি চামড়া সংগ্রহ করতে পেরেছেন। একই এলাকায় অপর এক মৌসুমি ব্যবসায়ী মো. শুক্কুর বলেন, ‘ছোট-বড় চামড়া সংগ্রহ করেছি ৪১টি। গড়ে ৮০০ টাকা করে খরচ পড়েছে। এখন লাভ নিয়ে শঙ্কায় আছি।’
একই আশঙ্কা মৌসুমি ব্যবসায়ী মো. সেলিম ও ওয়াসিমেরও। গড়ে ৯০০ থেকে ১ হাজার টাকা করে চামড়া সংগ্রহ করেছে। সেলিম বলেন, ‘প্রতিবছর চামড়া ব্যবসা করি। তবে এবার একটু খরচ বেশি পড়েছে। জানি না কীভাবে লাভ হবে।’
কাঁচা চামড়া সংগ্রহ করে মৌসুমি ব্যবসায়ীরা নগরের আতুরার ডিপোতে চামড়ার আড়তে নিয়ে যান। চৌমুহনী ও কর্নেলহাট থেকেও অনেক আড়তদার চামড়া সংগ্রহ করেন। তবে শেষ পর্যন্ত সব চামড়া আতুরার ডিপোতে নিয়ে গিয়ে প্রক্রিয়াজাত করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আড়তদারদের কাছে বেশি চামড়া যায়নি বলে জানান চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আহমদ। রাত ১০টার দিকে চামড়া কেনাবেচা জমবে বলে তিনি জানিয়েছেন।