ব্যাংকে এক কোটি টাকা বা তার বেশি পরিমাণের মেয়াদি আমানতের তথ্য পাঠানোর নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।এখন থেকে প্রতি সপ্তাহের পরিবর্তে দুই সপ্তাহে একবার এ তথ্য পাঠাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো এই আদেশে বলা হয়েছে, এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের স্থায়ী বা মেয়াদি আমানতের তালিকা সাপ্তাহিক ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এখন থেকে দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে পরিবর্তিত ছকে তথ্য পাঠাতে হবে। পরিবর্তিত ছক অনুযায়ী এখন আর আমানতের মেয়াদ উল্লেখ করতে হবে না। কিন্তু এক কোটি টাকার বেশি তবে পাঁচ কোটি টাকার কম, পাঁচ কোটি টাকার বেশি তবে ১০ কোটি টাকার কম এবং ১০ কোটি টাকা বা তার বেশি পরিমাণের আমানতের তথ্য আলাদা আলাদাভাবে পাঠাতে হবে।এর আগে এক কোটি টাকা বা তার বেশি যেকোনো পরিমাণের আমানতের তথ্য একসঙ্গে পাঠাতে হতো।