মেয়াদি শিল্পঋণ বিতরণের গতি কিছুটা শ্লথ হয়েছে
চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০১১) মেয়াদি শিল্পঋণ প্রবাহে খানিকটা শ্লথগতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুসারে, এই সময়কালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শিল্প খাতে মেয়াদি ঋণ হিসেবে সাত হাজার ৪৩৭ কোটি ৪৪ লাখ টাকা বিতরণ করেছে।অবশ্য গত ২০১০-১১ অর্থবছরের একই সময়ে শিল্প খাতে বিতরণকৃত মেয়াদি ঋণের পরিমাণ ছিল সাত হাজার ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা। সে হিসাবে গত অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্পঋণ বিতরণ কমেছে আধা শতাংশ।অর্থবছরের প্রথম প্রান্তিকে সাধারণভাবে মেয়াদি শিল্পঋণ প্রবাহের গতি অনেক কম থাকে। ব্যাংকগুলো নতুন ঋণ বিতরণে কিছুটা সময় নিয়ে থাকে। চলতি অর্থবছরেও এর তেমন একটা ব্যত্যয় হয়নি বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।আবার জ্বালানি ও অবকাঠামোজনিত সংকটে শিল্প খাতে বড় ও নতুন বিনিয়োগেও অনেকটা ধীরগতি রয়েছে। চলতি মাসেই মেট্রোপলিটন চেম্বার অর্থবছরের প্রথম প্রান্তিকের গতি-প্রকৃতির ওপর যে প্রতিবেদন প্রস্তুত করেছে, তাতে এ রকমটাই ইঙ্গিত দেওয়া হয়েছে।এতে বলা হয়েছে, ‘দুর্বল অবকাঠামো, নতুন বিনিয়োগের অভাব, ব্যাংকঋণের উচ্চ ব্যয় এবং গ্যাস-বিদ্যুতের অপ্রতুলতাকেই শিল্পোদ্যোক্তারা সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন। এসব কারণে অনেকেই কারখানায় কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন।’এই প্রতিবেদনে অবশ্য এও বলা হয়েছে যে অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতের অবস্থা সম্পর্কে হালনাগাদ কোনো সরকারি বা আনুষ্ঠানিক তথ্য-উপাত্ত এখনো পাওয়া যায়নি। আবার মেট্রো চেম্বারও কোনো কারখানা বা শিল্প পর্যায়ে কোনো জরিপ পরিচালনা করেনি, অতীতে যা করা হয়েছে। এটি করা হলে আলোচ্য সময়ে শিল্প খাতের গতি-প্রকৃতি সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া সম্ভব হতো।অবশ্য গত কয়েক প্রান্তিকের সঙ্গে তুলনা করলে দেখা যায় যে আলোচ্য সময়ে মেয়াদি শিল্পঋণ বিতরণে খুব বড় ধরনের পরিবর্তন ঘটেনি।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০১০) শিল্প খাতে নয় হাজার ৪৫০ কোটি ১৯ লাখ টাকার মেয়াদি ঋণ বিতরণ করা হয়েছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০১১) তা কমে হয় সাত হাজার ৫৬৪ কোটি টাকা। আর শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০১১) এসে বিতরণকৃত শিল্পঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ৪৩৭ কোটি ৪৪ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বকেয়া মেয়াদি শিল্পঋণ বাবদ ছয় হাজার ৮১০ কোটি ৮৮ লাখ টাকা আদায় করেছে। গত অর্থবছরের একই সময়ে আদায়কৃত শিল্পঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার ৯১৩ কোটি ৮৭ লাখ টাকা।