মেয়াদি শিল্পঋণ বেড়েছে
চলতি ২০১১-১২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশে ব্যাংকব্যবস্থা থেকে মেয়াদি শিল্পঋণের প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে।এই সময়কালে (অক্টোবর-ডিসেম্বর, ২০১১) মেয়াদি শিল্পঋণ হিসেবে নয় হাজার ৮৬৭ কোটি ৮৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে, যা আগের প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০১১) চেয়ে ৩২ দশমিক ৬৭ শতাংশ বেশি।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মেয়াদি শিল্পঋণ হিসেবে মোট সাত হাজার ৪৩৭ কোটি ৪৪ লাখ টাকা বিতরণ করা হয়েছিল।গত অর্থবছরেও প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে মেয়াদি শিল্পঋণের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছিল। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, গত ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শিল্প খাতে নয় হাজার ৪৫০ কোটি ১৯ লাখ টাকার মেয়াদি ঋণ বিতরণ করা হয়েছিল। আর প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিতরণকৃত মেয়াদি শিল্পঋণের পরিমাণ ছিল সাত হাজার ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এসে মেয়াদি শিল্পঋণের প্রবাহ বাড়ার অন্যতম কারণ হলো বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠানের পুনর্গঠন, আধুনিকায়ন ও সংস্কারের জন্য ঋণ গ্রহণ।মেট্রোপলিটন চেম্বার গত সপ্তাহে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের যে অর্থনৈতিক পর্যালোচনা প্রকাশ করেছে, তাতে এই তথ্য তুলে ধরা হয়েছে। অবশ্য এতে শিল্পঋণ প্রবাহের দ্বিতীয় প্রান্তিকের তথ্যটি ছিল না। মেট্রো চেম্বার আরও বলেছে, মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্যও ঋণের প্রবাহ অনেক বেড়েছে। আর তাই দ্বিতীয় প্রান্তিকে শিল্প খাতের কর্মকাণ্ড আগের তুলনায় কিছুটা জোরদার হয়েছে, যার প্রতিফলন দেখা যাবে আগামী দিনগুলোয়।উচ্চ হারে মেয়াদি শিল্পঋণ প্রবাহের তথ্যে এটিও প্রতীয়মান হয় যে ব্যবসায়ী মহল থেকে ঋণ না পাওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা পুরোপুরি ঠিক নয়।মেট্রো চেম্বারের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, ওষুধ, বস্ত্র, নির্মাণ ও পরিবহন খাতেই মেয়াদি শিল্পঋণের বেশির ভাগ যাচ্ছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, গত অর্থবছরে ৩২ হাজার ১৬৩ কোটি ২০ লাখ টাকার মেয়াদি শিল্পঋণ বিতরণ করা হয়েছিল, যা এর আগের অর্থবছরের তুলনায় প্রায় সাড়ে ২৪ শতাংশ বেশি।২০০৯-১০ অর্থবছরে বিতরণকৃত মেয়াদি শিল্পঋণের পরিমাণ ছিল ২৫ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বকেয়া মেয়াদি শিল্পঋণ বাবদ আট হাজার ৩৬১ কোটি টাকা আদায় করেছে। অন্যদিকে গত ২০১০-১১ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ছয় হাজার ৫৩৩ কোটি ৮৮ লাখ টাকা।আবার চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বকেয়া শিল্পঋণ আদায়ের পরিমাণ ছিল ছয় হাজার ৮১০ কোটি ৮৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায়কৃত শিল্পঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার ৯১৩ কোটি ৮৭ লাখ টাকা।অন্য দিকে গত অর্থবছরে মোট আদায়কৃত বকেয়া শিল্পঋণের পরিমাণ ছিল ২৫ হাজার ১৫ কোটি ৮৯ লাখ টাকা। এটি এর আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি।