ঋণ অনিয়মের দায়ে অগ্রণী ব্যাংকের এমডির শুনানি করছে বাংলাদেশ ব্যাংক
মেয়াদের শেষ সময়ে এসে অপসারণের উদ্যোগ!
ক্ষমতার অপব্যবহার ও ঋণ কেলেঙ্কারির অভিযোগে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হিসেবে বাংলাদেশ ব্যাংকে তাঁর শুনানি শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী কমিটি গত সোমবার থেকে তাঁকে বিভিন্ন অনিয়মের বিষয়ে জেরা শুরু করেছে। আজ বুধবারও এ জেরা চলবে। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানের নেতৃত্বে গঠিত স্থায়ী কমিটি এ শুনানি করছে।
কমিটি সূত্রে জানা গেছে, বেশির ভাগ অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারছেন না এমডি। উল্টো তিনি অন্যদের ঘাড়ে দায় চাপাচ্ছেন।
ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী, শুনানি শেষে অভিযুক্ত ব্যক্তির বিষয়ে গভর্নরের কাছে প্রতিবেদন জমা দেবে কমিটি। এরপরই গভর্নর তাঁকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে একই প্রক্রিয়ায় বেসিক ব্যাংকের এমডি কাজী ফখরুল ইসলামকে অপসারণ করা হয়েছিল।
আবু হেনা মোহা. রাজী হাসান গতকাল বলেন, শুনানি শেষে একটি প্রতিবেদন তৈরি করে সুপারিশ আকারে তা গভর্নরকে দেওয়া হবে।
শুনানি ও অভিযোগের বিষয়ে জানতে সৈয়দ আবদুল হামিদের সঙ্গে ফোন করে ও খুদেবার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, সরকার নিযুক্ত ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যানকে অপসারণ করতে হলে কেন্দ্রীয় ব্যাংক গঠিত স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে গভর্নর সেটি করতে পারেন। তবে গভর্নরের অপসারণ সিদ্ধান্তের পর সংক্ষুব্ধ ব্যক্তির বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে আপিলের সুযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শুনানির আগে অগ্রণী ব্যাংকের এমডিকে ৭৯২ কোটি টাকার ঋণ অনিয়মের দায়ে কেন অপসারণ করা হবে না, জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ ব্যাংক। তাই গত ২ জুন তাঁকে স্থায়ী কমিটির শুনানিতে অংশ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়।
জানা গেছে, ২০১১ সালে তানাকা ট্রেড কম ইন্টারন্যাশনালকে ১২০ কোটি টাকার ঋণ অনুমোদন করে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ। পরে পর্ষদের অনুমোদন ছাড়াই এমডি নিজে ক্ষমতার অপব্যবহার করে ওই ঋণের জামানত পরিবর্তন করে দেন। এরপর ২০১৫ সালে প্রতিষ্ঠানটিকে ১১ কোটি টাকার ঋণ নবায়ন ও ৪৬ কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত করে দেন এমডি। একইভাবে চট্টগ্রামের লালদীঘি ইস্ট শাখার গ্রাহক মুহিব স্টিলের ৪২ কোটি টাকা ঋণ নবায়ন করে দেন তিনি। ব্যাংকের অপর গ্রাহক মাহিদ অ্যাপারেলের ৪০ কোটি টাকার ঋণপত্র ১০ শতাংশ মার্জিনে পর্ষদ অনুমোদন দিলেও পরে এমডি প্রতিষ্ঠানটিকে বিনা মার্জিনে ঋণপত্র খোলার সুযোগ করে দেন।
এ ছাড়া ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা-২০১৩ লঙ্ঘন করে মিউচুয়াল কনসার্নের ২০০ কোটি টাকা ঋণপত্র সীমা দুবার নবায়ন এবং সানমুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ দিয়ে ব্যাংককে ঝুঁকিতে ফেলেন এমডি। এ রকম বেশ কিছু অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
জানা গেছে, অগ্রণী ব্যাংকের পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা নির্ধারিত হয় ‘অর্পিত ক্ষমতা’র আলোকে। সর্বশেষ ২০০২ সালে এ ‘অর্পিত ক্ষমতা’য় কিছু পরিবর্তন আনা হয়। কিন্তু ২০১৩ সালের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে করা সমঝোতা চুক্তি অনুযায়ী, ঋণ অনুমোদনের ক্ষেত্রে পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ক্ষমতার পরিবর্তে ‘ঋণ নীতিমালা’ কার্যকর হয়েছে। তবে ওই ‘ঋণ নীতিমালা’ লঙ্ঘন করে মিথ্যা তথ্য দিয়ে বেশ কয়েকটি শিল্প গ্রুপকে বাড়তি সুবিধা দেন তিনি। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করেন এমডি।
এদিকে আগামী ১০ জুলাই আবদুল হামিদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদের শেষ সময়ে এসে তাঁকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।