মেয়াদোত্তীর্ণ ঋণ ছয় মাস পর্যন্ত খেলাপি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস নয়, মেয়াদোত্তীর্ণের ছয় মাস পরই কোনো ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবে। খেলাপি হওয়ার আগে উদ্যোক্তারা কোনো ধরনের পুনঃ তফসিল ছাড়াই যথারীতি নতুন ঋণসুবিধা পাবেন।বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক পর্যায়ে ঋণের মান উন্নত করে ব্যাংকের ঋণঝুঁকি বিবেচনায় মেয়াদোত্তীর্ণের তিন মাস পর ঋণটিকে নিম্নমান পর্যায়ে শ্রেণীকরণের সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) কিছুটা বাড়ানো ছাড়া আর কোনো সমস্যা হবে না।পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ ও বিটিএমএর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে বলে জানা যায়।সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণ, প্রভিশন ও পুনঃ তফসিল-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এতে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু বিষয়ে আপত্তি ওঠে। এ নিয়েই গতকালের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সহসভাপতি সিদ্দিকুর রহমান, বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী, পরিচালক মোহাম্মদ আলী খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।সুর চৌধুরী বৈঠকে বলেন, ব্যাংক কোম্পানি আইনের ৫(গগ) ধারা অনুযায়ী, কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় মাস অতিবাহিত হলে তা খেলাপি হিসেবে বিবেচিত হয়। এর আগে ছয় মাস পার হলে যেহেতু নিম্নমান ধরা হতো, তাই সেই ঋণকে খেলাপি হিসেবে বিবেচনা করা হতো। তবে এখন যেহেতু তিন মাস পার হলে নিম্নমান বিবেচনা করা হবে, তাই তা খেলাপি হবে না। এখন থেকে শুধু সন্দেহজনক এবং মন্দ বা ক্ষতি ঋণকে খেলাপি ধরা হবে।নতুন নীতি-মালায় কোনো ঋণ সর্বোচ্চ তিন বার পুনঃ তফসিল করা যাবে। সূত্র জানায়, সুর চৌধুরী বৈঠকে বলেন, পুনঃ তফসিলের বিষয়টি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য করতে প্রথম দফা ১৮ মাস, দ্বিতীয় দফা নয় মাস এবং তৃতীয় দফা ছয় মাস নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কিছু অসাধু ব্যবসায়ীর সমস্যা হলেও প্রকৃত উদ্যোক্তাদের সমস্যা হবে না।সূত্র জানায়, ডেপুটি গভর্নর বৈঠকে বলেন, রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাক খাতের মাধ্যমে। বিষয়টি মাথায় রেখে এই খাতের উদ্যোক্তাদের জন্য কিছু সুবিধা রাখা হয়েছে। কোনো ব্যবসায়ী যথাসময়ে রপ্তানি করতে ব্যর্থ হলে কোনো ধরনের এককালীন অর্থ পরিশোধ ছাড়াই ঋণ পুনঃ তফসিলের সুযোগ রাখা হয়েছে।